অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম
আফগানিস্তানের বিপক্ষে বড় হার দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জুনিয়র টাইগাররা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ওমানের আল আমেরাত গ্রাউন্ডে নেপালকে ১০১ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আর সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে ভারত। ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে লাইনআপ চূড়ান্ত হয়েছে।
তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন আফগানিস্তান। অন্যদিকে, পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ ভারত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগারআর। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে। একই সময়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও আফগানিস্তান মুখোমুখি হবে। দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।



