জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন দুজনই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন তারা। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন নাঈম, আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন রবিন। অন্যদিকে সিলেট ও ঢাকা টেস্টে খেলা নাঈম হাসান বাদ পড়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাদমান ইসলামের চোটে কপাল খুলেছে নাঈম শেখের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পাওয়া সাদমানের এ বছর আর মাঠে ফেরা হচ্ছে না।
২৭ বছর বয়সী নাঈম এর আগে বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলেছেন। এনসিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ওপেনার। তিনটি তিন অঙ্কের ইনিংসের পাশাপাশি করেছেন একটি অর্ধশতক। এর মধ্যে একটি ইনিংসে তার সংগ্রহ ছিল ২৮২ রান।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিনও এনসিএলে নজর কেড়েছেন। টুর্নামেন্টে একটি ডাবল সেঞ্চুরির পাশাপাশি ১১৬ ও ১০০ রানের আরও দুটি ইনিংস খেলেছেন তিনি। আছে দুটি অর্ধশতকও।
দক্ষিণ আফ্রিকা সফরের দলে বিবেচনায় ছিলেন মাহমুদুল হাসান জয়ও। তবে চোটের কারণে শেষ পর্যন্ত তার যাওয়া হচ্ছে না। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটসম্যান।
দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে ঢাকা ও সিলেট টেস্টে খেলা নাঈম হাসানকে রাখা হয়নি ১৬ সদস্যের স্কোয়াডে। জাকের আলী অনিক অবশ্য নিজের জায়গা ধরে রেখেছেন। চোটের কারণে এই সফরেও নেই পেসার নাহিদ রানা।
পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদ।
জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া ও ভারত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। বাংলাদেশের অবস্থান পঞ্চম।
দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ।



