মেসিবিহীন আর্জেন্টিনায় ১০ নম্বর জার্সিও থাকছে না
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম
আর্জেন্টিনার ফুটবলে ১০ নম্বর জার্সির মাহাত্ম্যই আলাদা। একসময় এই জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। এরপর প্রায় দুই দশক ধরে সেটিকে নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। তার অবিশ্বাস্য সব কীর্তিতে আরও মহিমান্বিত হয়ে উঠেছে জার্সিটি। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের পর ঐতিহাসিক এই জার্সির পরবর্তী মালিক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আপাতত সেই প্রশ্নের উত্তর না খোঁজারই সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। নভেম্বরের দুটি প্রীতি ম্যাচে কাউকেই দেওয়া হবে না মেসির ১০ নম্বর জার্সি।
গত মাসে বুয়েন্স এইরেসের এল মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মেসি। তার বিদায়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৩ নভেম্বর বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।
এই দুই ম্যাচে মেসির জার্সি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি ও তার কোচিং স্টাফ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলোয়াড়দের ১ থেকে ১১ নম্বর জার্সি দেওয়া বাধ্যতামূলক নয়। সেই সুযোগ কাজে লাগিয়েই আপাতত ১০ নম্বর জার্সিটি খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মেসির জার্সি যে স্থায়ীভাবে তুলে রাখা হচ্ছে, বিষয়টি এমন নয়। আগামী বছর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আর্জেন্টিনা আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলে নতুন কাউকে দেওয়া হতে পারে জার্সিটি। ফলে অন্তত ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে মেসির উত্তরসূরিকে দেখার জন্য।
এদিকে, ঐতিহাসিক এই জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত সময় কাটানো এই তরুণ আক্রমণাত্মক মিডফিল্ডার জাতীয় দলের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে টানা তিন প্রীতি ম্যাচেই গোল করেছেন তিনি। বলিভিয়ার বিপক্ষে একটি গোলে সহায়তাও করেছেন।
পাজকে ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি মনে করেন তার জাতীয় দলের সতীর্থ ভালেন্তিন বারকোও। তরুণ এই ফুটবলারের প্রশংসা করে তিনি বলেছেন, ‘নিকোর খেলার সবকিছুই আমার ভালো লাগে। ও যেভাবে খেলে, সেটা আমার খুব পছন্দ। আশা করি, ১০ নম্বর জার্সিটা ও-ই পাবে। সেটা হলে আমার খুব ভালো লাগবে।’
তবে শুধু পাজই নন, মেসির রেখে যাওয়া জার্সিটির দাবিদার হিসেবে আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে অন্যতম লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার। ক্লাব ফুটবলে এর আগেও ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে তার। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় আছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলার দক্ষতার কারণে তাকেও বিবেচনা করা হচ্ছে।
আলোচনায় রয়েছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও। আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে একমাত্র তিনিই জাতীয় দলের হয়ে আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচে মেসির ১০ নম্বর জার্সি পরেছেন। ইকুয়েডরের বিপক্ষে গুয়ায়াকিলের ম্যাচে ঐতিহাসিক এই জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।



