রাইজিং স্টার এশিয়া কাপ
শক্তিশালী দল ঘোষণা করল ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত
আসন্ন এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের একাধিক পরিচিত মুখ। দলের নেতৃত্বে থাকবেন তরুণ অলরাউন্ডার তিলক ভার্মা। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন রজত পাতিদার। প্রতিবেদন ক্রিকবাজের।
আগামী ১৯ নভেম্বর কাতারের দোহায় শুরু হবে রাইজিং স্টার এশিয়া কাপ। এবারের আসর অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ফরম্যাটে। গত বছর টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট, যেখানে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।
ভারতের ঘোষিত দলে ব্যাটিং বিভাগে রয়েছেন তারকা ওপেনার অভিষেক শর্মা, তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশী এবং আইপিএলে ধারাবাহিক পারফরমার প্রাভসিমরন সিং। উইকেটকিপার হিসেবে থাকছেন প্রাভসিমরন ও কুমার কুশাগ্র। মাঝের সারিতে তিলক ভার্মা, রাজাত পাতিদার ও রিঙ্কু সিংয়ের মতো অভিজ্ঞ ও কার্যকর ব্যাটারদের ওপর ভরসা রেখেছে ভারত।
দলে জায়গা পেয়েছেন পেসার হর্ষিত রানাও। চলতি বছর চোটের কারণে বেশ ভুগতে হয়েছে তাকে। এই টুর্নামেন্টের মাধ্যমে নিজের সামর্থ্য প্রমাণ করে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফেরার সুযোগ তৈরি করতে চান তিনি। পেস বিভাগে তার সঙ্গে রয়েছেন আরশাদ খান ও প্রিন্স যাদব।
অন্যদিকে স্পিন বিভাগেও বেশ শক্তিশালী দল গড়েছে ভারত। হার্ষ দুবে, শাহবাজ আহমেদ, ভিপরাজ নিগম ও তনুশ কোটিয়ানকে রাখা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াডে। গত বছরের দল থেকে এবারও জায়গা ধরে রেখেছেন বৈভব সূর্যবংশী, সূর্যাংশ শেডগে ও হার্ষ দুবে।
রাইজিং স্টার এশিয়া কাপে ভারত রয়েছে 'বি' গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান 'এ', নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
২০ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ভারত 'এ' দল। এরপর ২২ নভেম্বর পাকিস্তান 'এ' এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
ভারত ‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াড
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), তিলক ভার্মা (অধিনায়ক), রাজাত পাতিদার (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব ও আরশাদ খান।



