আইসিসির নতুন ধামাকা, এবার ক্রিকেটেও আসছে ব্যালন ডি’অর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা ‘ব্যালন ডি’অর’-এর আদলে এবার বিশ্ব ক্রিকেটেও বসতে যাচ্ছে তারকাখচিত জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড নাইট। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে বর্ষসেরা পুরস্কারের ঘোষণা দিয়ে আসা আইসিসি এবার তাদের পুরস্কার বিতরণের ধরন পুরোপুরি বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে।
এই জমকালো রূপান্তরের অংশ হিসেবে ২০২৫ সালের বর্ষসেরা পুরস্কারের আনুষ্ঠানিকতা স্থগিত রাখা হয়েছিল। ২০২৫ ও ২০২৬ সালের ক্রিকেটারদের সার্বিক পারফরম্যান্স এবং দলীয় সাফল্যকে একত্র করে ২০২৭ সালে বিশাল পরিসরে প্রথমবারের মতো সরাসরি গালানি নাইট বা ‘ইন-পারসন’ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করবে আইসিসি।
গ্ল্যামারাস লাল গালিচা (রেড কার্পেট), বর্ণিল মঞ্চ আর বিশ্ব ক্রিকেটের মহাতারকাদের উপস্থিতিতে এই আয়োজনটি ফুটবলের ‘ব্যালন ডি’অর’ কিংবা আমেরিকান ফুটবলের ‘এনএফএল অনার্স’-এর মতো বৈশ্বিক আকর্ষণে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
আইসিসির এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এতদিন পর্যন্ত ডিজিটাল মাধ্যমে ট্রফি দেওয়ার চর্চা থাকলেও একে বিশ্বমঞ্চে ফুটবল ব্যালন ডি’অরের মতো আলাদা গ্ল্যামার ও উন্মাদনার জায়গায় নিয়ে যাওয়াই মূল লক্ষ্য।
২০২৭ সালের সেই আসরে আগের মতোই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি (বর্ষসেরা পুরুষ ক্রিকেটার), রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি (বর্ষসেরা নারী ক্রিকেটার) সহ টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি, উদীয়মান ক্রিকেটার ও স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। তবে মূল্যায়ন করা হবে ২০২৫ ও ২০২৬—এই দুই ক্যালেন্ডার বছরের সমন্বিত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।
উল্লেখ্য, নতুন এই মহাজাগতিক অ্যাওয়ার্ড নাইটের ভেন্যু, ভোটগ্রহণ পদ্ধতি ও চূড়ান্ত ক্যাটাগরি সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য শিগগিরই প্রকাশ করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।



