ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
ত্রিদেশীয় সিরিজে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন লিটন দাস। তার ফেরার অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। সেই অপেক্ষা শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তার সঙ্গে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকা সৌম্য সরকারকে রাখা হয়নি। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন জাকের আলী অনিকও।
আগামী বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন লিটন। চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি তিনি। এবার টেস্ট দলে ফিরেই ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও দায়িত্ব পালনের সুযোগ পাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
তাসকিনের ফেরাও বাংলাদেশের জন্য স্বস্তির খবর। তার গতি ও অভিজ্ঞতা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেস আক্রমণে বাড়তি বিকল্প এনে দেবে। দুই অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তনে প্রথম টেস্টের আগে দল গঠনে নতুন সমন্বয়ের সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে একাদশ সাজাতে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে শুরু থেকেই এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকেরা।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।



