ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন জাতীয় দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক ব্যাটার ইমরুল কায়েস। তার মতে, জাতীয় দলের একাদশ গঠনে আবেগ কিংবা স্বজনপ্রীতির কোনো জায়গা থাকা উচিত নয়। যোগ্যতা, পারফরম্যান্স ও স্বচ্ছতার ভিত্তিতেই সেরা খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। নিজের বক্তব্যের শেষাংশে ইমরুলের কণ্ঠে ছিল স্পষ্ট ক্ষোভ- ‘যথেষ্ট হয়েছে, আর না।’
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত আশার আলো দেখা যাচ্ছে না। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর আফগানিস্তানের বিপক্ষেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দল। ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ঘিরে তাই বাড়ছে উদ্বেগ।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুল। তার ভাষ্য, ক্রিকেট বোর্ডের উচিত মেধা ও পারফরম্যান্সকে প্রাধান্য দিয়ে নিরপেক্ষভাবে দল নির্বাচন করা।
জাতীয় দল নির্বাচনে স্বচ্ছতার ওপর জোর দিয়ে ইমরুল লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ক্রিকেট বোর্ডের উচিত সম্পূর্ণভাবে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে সেরা সম্ভাব্য একাদশ নির্বাচন করা।’
জাতীয় দল যে পুরো দেশের প্রতিনিধিত্ব করে, সেটিও মনে করিয়ে দিয়েছেন ইমরুল। তার মতে, দল নির্বাচন নিয়ে ব্যক্তিগত আবেগ কিংবা স্বজনপ্রীতির প্রভাব থাকা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে এবং জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা উচিত নয়।’
লিটন দাসের চোটের কারণে ছিটকে যাওয়ার পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে তিনটি পরিবর্তনও এনেছে দল। মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন ফিরেছেন, আর অভিষেক হয়েছে স্পিনার আলিস আল ইসলামের। তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে রাখা হয়েছে রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহানকে। তবে পরিবর্তন এনেও ব্যাটিংয়ের সমস্যার সমাধান হয়নি।
এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যে আরও কঠোর অবস্থান জানিয়েছেন ইমরুল। দল নির্বাচনে মেধা ও ন্যায়পরায়ণতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর না। এবার সময় এসেছে মেধা, ন্যায়পরায়ণতা এবং দেশের স্বার্থকে অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার।’
জাতীয় দলের হয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুলের এই মন্তব্য এমন সময়ে এল, যখন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়ছে। বিশ্বকাপের প্রস্তুতির এই মঞ্চে দলীয় ব্যর্থতার পাশাপাশি নির্বাচনপ্রক্রিয়া নিয়েও তার বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করতে পারে।



