Logo
Logo
×

খেলা

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ বুধবার (২১ অক্টোবর) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এই দুই দলের লড়াই। 

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে পড়েছে। তাই আফগানিস্তানকে স্রেফ হারানোই যথেষ্ট হবে না, বাংলাদেশকে মেলাতে হবে নেট রান রেটের জটিল অঙ্কও।

আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। নেট রান রেটে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের। অন্যদিকে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। 

এক ম্যাচে জয় পেয়ে বর্তমানে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।

প্রথমে ব্যাটিং করলে বাংলাদেশ আজ যত রানই করুক, ম্যাচটা জিততে তো হবেই, জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রানের। পরে ব্যাট করলে হিসাবটা হবে আরও জটিল। সমীকরণ অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারের মধ্যে। আর ২৫০ রানের লক্ষ্য পেলে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। এ ছাড়া ২৬০ রানের লক্ষ্য হলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য হলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য হলে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

ওয়ানডে সংস্করণে দুই দলের মুখোমুখি সাক্ষাতে জয়ের ইতিহাস সমান-সমান—উভয়েই জিতেছ ১১টি করে ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে আফগানদের আধিপত্যই দেখা গেছে বেশি। শারজাহ ও আবুধাবির কন্ডিশনে দুই দলের শেষ ৬ মুখোমুখি দেখায় ৫টিতেই জয়ের হাসি হেসেছে আফগানিস্তান। এছাড়া দুই দলের সাম্প্রতিক ইতিহাসও বাংলাদেশের খুব সুখকর নয়। 

সর্বশেষ দুটি সিরিজেই তাদের কাছে হেরেছে বাংলাদেশ, গত বছর যার শেষটিতে হতে হয়েছে ধবলধোলাইও। ওদিকে সব প্রতিপক্ষ মিলিয়ে সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছে আফগানিস্তান। আর বাংলাদেশের অবস্থা পুরোপুরি উল্টো—পাঁচ ম্যাচের চারটিতেই তারা হেরেছে। বিশেষ করে দেশের বাইরে গত ১৭ ওয়ানডেতে ১৩টিতেই হেরেছে টাইগাররা। 

মিডল অর্ডারের অফ-ফর্ম ও স্পিনের বিরুদ্ধে দুর্বলতা কাটিয়ে আজ কতটা দায়িত্বশীল ব্যাটিং উপহার দিতে পারে বাংলাদেশ, সেটাই দেখার বিষয়। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের ওভারগুলো সামলানোই হবে বাংলাদেশের ব্যাটারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

তবে বাংলাদেশের ব্যাটিংয়ের এই সংকটকে অবশ্য মানসিক বলেই মনে করেন ওপেনার তানজিদ হাসান। দলের পক্ষে একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি বলব এটা মানসিক ব্যাপার। ৩০০-৩৫০ রানের কথা চিন্তা না করে যদি আমরা এটা ছোট ছোট লক্ষ্য বানিয়ে খেলি, তাহলে আমার মনে হয় সহজ হবে। এভাবেই আমাদের মানসিকভাবে নিজেদের ঠিক করতে হবে।’

এই বাঁহাতি ব্যাটারের মতে, ছোট ছোট লক্ষ্য সামনে রেখে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামলে যেকোনো সমীকরণ মেলানো সম্ভব। তিনি বলেন, ‘যদি স্কিলের সমস্যা থাকত তাহলে কিন্তু আমরা ঘরের মাঠেও ভুগতাম। আমরা ঘরের মাঠে যে রকমভাবে খেলি, যদি একই মানসিকতা ও প্রস্তুতি নিয়ে দেশের বাইরেও খেলতে পারি, দল হিসেবে খুব ভালো করব।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জিয়া-উর-রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন