পর্তুগাল দল ছাড়ায় জরিমানা রোনালদোর, তা আয় করতে লাগবে মাত্র ৩০ সেকেন্ড!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম
ক্রিস্তিয়ানো রোনালদো
পর্তুগাল জাতীয় দল ছেড়ে হঠাৎ চলে যাওয়ার অপরাধে ৩০ দিনের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ২১৫ পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। মাঠের খেলায় এই শাস্তির প্রভাব থাকলেও আর্থিক দিক থেকে এটি তার জন্য সামান্যতম ধাক্কাও নয়! আনুমানিক বার্ষিক আয়ের হিসাব অনুযায়ী, ৪১ বছর বয়সী এই মহাতারকা জরিমানার সমপরিমাণ অর্থ আয় করতে সময় নেবেন মাত্র ৩০ সেকেন্ড!
মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, চলমান ২০২৬-২৭ মৌসুমে রোনালদোর আনুমানিক আয় দাঁড়াবে ৩০ কোটি মার্কিন ডলার। এর মাধ্যমে টানা চতুর্থ মৌসুমের মতো ফুটবলের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়ের অবস্থানটি ধরে রাখছেন তিনি। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি থেকে আসবে প্রায় ২৫ কোটি ডলার। আর বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপ ও অন্যান্য বাণিজ্যিক স্বত্ব থেকে আসবে আরও ৫ কোটি ডলার।
১ মার্কিন ডলার সমান ১২৩.৭২ টাকা হিসেবে হিসাব করলে রোনালদোর বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ৩ হাজার ৭১১ কোটি ৬০ লাখ টাকা। বছরজুড়ে এই আয় সমানভাবে ভাগ করলে প্রতিদিন তিনি আয় করেন আনুমানিক ১০ কোটি ১৭ লাখ টাকা, ঘণ্টায় ৪২ লাখ ৩৬ হাজার টাকা, প্রতি মিনিটে ৭০ হাজার ৬০০ টাকা এবং প্রতি সেকেন্ডে ১ হাজার ১৭৭ টাকা।
অন্যদিকে, ১ পাউন্ড সমান ১৬৪.৬৯ টাকা হিসেবে ২১৫ পাউন্ডের জরিমানা দাঁড়ায় প্রায় ৩৫ হাজার ৪০৮ টাকা। তাত্ত্বিকভাবে, রোনালদোর এই জরিমানার অর্থ আয় করতে লাগবে মাত্র ৩০ সেকেন্ড। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত রিল ভিডিও দেখতে যতটুকু সময় লাগে, ঠিক যেন ততটুকুই!
কর ও এজেন্টের ফি বাদ দিয়ে রোনালদোর বার্ষিক আয়কে পুরো বছরে সমানভাবে ভাগ করে এই হিসাব করা হয়েছে। প্রতি সেকেন্ডে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও এই গাণিতিক হিসাব স্পষ্ট করে দেয় যে, ফুটবলের মহাতারকাদের সঙ্গে সাধারণ ভক্ত-সমর্থকদের আর্থিক ব্যবধান কতটা বিশাল।
ফুটবলে রোনালদোর নাম এলেই আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নাম চলে আসাটাই স্বাভাবিক। শুধু গোল কিংবা ট্রফিতেই নয়, এই তুলনা বা লড়াই ছড়িয়েছে তাদের আয়েও। মোট আনুমানিক আয়ে রোনালদো বেশ ব্যবধানে এগিয়ে থাকলেও মাঠের বাইরের উপার্জনে এগিয়ে আছেন ৩৯ বছর বয়সী মেসি।
ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেসির আনুমানিক আয় ১৪ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলে তিনি পাবেন ৭ কোটি ডলার এবং মাঠের বাইরের বাণিজ্যিক কার্যক্রম থেকে আসবে বাকি ৭ কোটি ৫০ লাখ ডলার— যা রোনালদোর মাঠের বাইরের আয়ের চেয়ে ২ কোটি ৫০ লাখ ডলার বেশি।
মেসির বার্ষিক মোট আয় দাঁড়ায় প্রায় ১ হাজার ৭৯৩ কোটি ৯৪ লাখ টাকা। রোনালদোর এই জরিমানার সমপরিমাণ অর্থ আয় করতে মেসির লাগবে প্রায় ৬২ সেকেন্ড। এটি তার চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ সময়।
সব মিলিয়ে এই দুই ফুটবল আইকন এই মৌসুমে আনুমানিক ৪৪ কোটি ৫০ লাখ ডলার আয় করবেন, যা ফোর্বসের শীর্ষ ১০ সর্বোচ্চ আয়কারী ফুটবলারের মোট ৯৪ কোটি ২০ লাখ ডলারের প্রায় অর্ধেক। তালিকার বাকি আট ফুটবলার হলেন কিলিয়ান এমবাপে (১০ কোটি ডলার), আর্লিং হালান্ড (৮ কোটি ৫০ লাখ ডলার), ভিনিসিয়ুস জুনিয়র (৭ কোটি ৬০ লাখ ডলার), লামিন ইয়ামাল (৫ কোটি ৫০ লাখ ডলার), সাদিও মানে (৫ কোটি ৪০ লাখ ডলার), জুড বেলিংহাম (৪ কোটি ৫০ লাখ ডলার), হ্যারি কেইন (৪ কোটি ২০ লাখ ডলার) ও মোহামেদ সালাহ (৪ কোটি ডলার)।
সব মিলিয়ে, রোনালদোর কাছে ২১৫ পাউন্ডের এই জরিমানাটা কেবল আধা মিনিটের ব্যাপার হলেও আর দশটা সাধারণ মানুষের জন্য ব্যাপারটা অতটা হাস্যকর নয়।



