Logo
Logo
×

খেলা

মুসলিমবিদ্বেষী স্লোগান: স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ফিফার শাস্তি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

মুসলিমবিদ্বেষী স্লোগান: স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ফিফার শাস্তি

গ্যালারিতে মুসলিমদের লক্ষ্য করে বৈষম্যমূলক ও ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ার দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) কঠোর শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শাস্তিস্বরূপ স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্প্যানিশ ফুটবল সংস্থাটিকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

তথ্যসূত্র গোল.কম-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে স্পেন ও মিশরের মধ্যকার একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালীন। ম্যাচটিতে প্রথমার্ধের ১০ মিনিটের সময় গ্যালারির একদল সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন বর্ণবাদী স্লোগান দিতে শুরু করে। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই স্লোগান পুনরাবৃত্তি করা হয়।

ঘটনার পরপরই স্টেডিয়ামের বড় পর্দায় সতর্কবার্তা প্রদর্শন করে সমর্থকদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলা হয়। তবে গ্যালারির একটি অংশ তা তোয়াক্কা না করে দুয়োধ্বনি দিতে থাকে। ম্যাচের পর এই ঘটনার তীব্র নিন্দা জানায় স্প্যানিশ ও মিশরীয় উভয় ফুটবল ফেডারেশন।

পরবর্তীতে ফিফা বিষয়টি তদন্ত করে এই স্লোগানকে 'ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী' হিসেবে আখ্যায়িত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। যদিও স্প্যানিশ ফুটবল ফেডারেশন লিখিত বক্তব্যে দাবি করেছিল যে স্লোগানটি বৈষম্যমূলক ছিল না, তবে ফিফার শাস্তিমূলক কমিটি তাদের যুক্তি প্রত্যাখ্যান করে জানায় যে এটি কোনো সাধারণ বা নিরীহ বিষয় ছিল না।

ফিফার আদেশ অনুযায়ী, স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে ধারণক্ষমতার ১৫ শতাংশ আসন দর্শকশূন্য রাখতে হবে, যার বড় অংশ থাকবে দুই গোলপোস্টের পেছনের গ্যালারিতে। তবে ফিফার শর্তসাপেক্ষে ওই আসনগুলোতে শিক্ষার্থী, পরিবার বা বৈষম্যবিরোধী সংগঠনের মতো বিশেষ শ্রেণির দর্শকদের বসানোর সুযোগ থাকবে।

স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠলে এ শাস্তি কার্যকরের সময় কিছুটা পিছিয়ে ইউরো ২০২৮ বাছাইপর্বের সূচিতে কার্যকর হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন