সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন তানজিদ, বাংলাদেশের উড়ন্ত শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে টেস্টে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টেও আগ্রাসী ব্যাটিংয়ে তিনি সেই পথে ছিলেন। কিন্তু ৮৩ রানেই থামতে হলো তানজিদকে। বাঁ-হাতি এই ওপেনার মিডিয়াম পেসার ইসমত আলমের বলে উইকেটরক্ষকের হাতে তালুবন্দি হয়েছেন।
তানজিদ তামিমের বিদায়ে ১২৪ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি। এর আগে ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রানের দারুণ একই ইনিংসে দ্রুততম সেঞ্চুরির আশা জাগান তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে ৯৪ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আছে তামিম ইকবাল ও সৌম্য সরকারের।
আরেক ওপেনার সাদমান ইসলাম শুরুতে নড়বড়ে ব্যাটিং করলেও এখনও টিকে আছেন ক্রিজে। মাত্র ৫ রানে তিনি একটি লাইফও পেয়েছেন। শর্ট ফিল্ডিংয়ে থাকা হাশমতউল্লাহ শহীদি সাদমানের একেবারে সহজ একটি ক্যাচ ফসকেছেন হাত থেকে। তানজিদ তামিম আউট হওয়ার ৫ ওভার পরেই শেষ হয়েছে প্রথম সেশনের খেলা। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান।
এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি নিজেদের টেস্ট ইতিহাসে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ম্যাচ। যেখানে স্পিনার নাঈম হাসানের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবং দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে শান্ত’র দল একাদশ সাজিয়েছে।
শুরু থেকেই তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সামনে তটস্থ ছিল আফগানিস্তানের বোলিং লাইনআপ। শুরুতে সাদমানের কিছু অনিয়ন্ত্রিত শট ছাড়া তাদের স্বস্তির বলতে কিছু ছিল না। তানজিদ আউট হলেও বাংলাদেশের জন্য স্বস্তির সেশন উপহার দিয়েছেন। মধ্যাহ্ন বিরতির আগে সাদমান ৪১ এবং মুমিনুল হক ৫ রানে অপরাজিত আছেন।



