নেতৃত্ব ছাড়লেন ধনঞ্জয়া, শ্রীলঙ্কার টেস্ট দলে আসছে পরিবর্তন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম
শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। নেতৃত্বের ব্যাটন এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। তবে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও সাদা পোশাকে শ্রীলঙ্কার হয়ে খেলে যেতে চান তিনি।
দিমুথ করুনারত্নে দায়িত্ব ছাড়ার পর ২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট অধিনায়ক হিসেবে ধনঞ্জয়াকে বেছে নেয় শ্রীলঙ্কা। এরপর ১৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে শ্রীলঙ্কার জয় ৭টি।
অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পেছনে নিজের ভাবনাটাও পরিষ্কার করেছেন ধনঞ্জয়া। তার মতে, এবার নেতৃত্বের দায়িত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার সময় এসেছে। শ্রীলঙ্কার নির্বাচক কমিটির কাছে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার আন্তরিক মত হলো, নেতৃত্বের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’
অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ছিলেন ধনঞ্জয়া। ১৮ টেস্টে ৩৬.৪৫ গড়ে তার সংগ্রহ ১১৩০ রান। বল হাতে পেয়েছেন ৯ উইকেট, বোলিং গড় ৪৪.৪৪।
ধনঞ্জয়ার নেতৃত্বের সময়ে তার অবদানের স্বীকৃতি দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভাও। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য সর্বোত্তম কামনা করছে এবং টেস্ট দলের নেতৃত্বে তিনি যে অবদান রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে।’
ধনঞ্জয়ার নেতৃত্ব ছাড়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটে এখন নতুন মুখের হাতে দায়িত্ব যাওয়ার অপেক্ষা। নতুন অধিনায়ক কে হবেন, সেটিই এখন আলোচনার বিষয়।



