বিশ্বকাপের টিকিট
৪৮ ঘণ্টাতেই আবেদন ১১ লাখের বেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিয়ে শুরুতেই তৈরি হয়েছে তুমুল আগ্রহ। টিকিটের ব্যালট নিবন্ধন শুরুর প্রথম সপ্তাহান্তেই এক মিলিয়নের বেশি আবেদন জমা পড়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ লাখেরও বেশি টিকিটের জন্য আবেদন করেছেন ক্রিকেটপ্রেমীরা।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে বসবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। টিকিটের ব্যালটের জন্য এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশি সমর্থক নিবন্ধন করেছেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।
টিকিটের চাহিদায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে ইতিমধ্যে ১ লাখ ১০ হাজারের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।
চাহিদার দিক থেকে এরপরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচ। এই ম্যাচের জন্য ৯২ হাজারের বেশি আবেদন পড়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। এই ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ৮৬ হাজারের বেশি।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বলেন, ‘টিকিটের ব্যালট চালুর মাত্র ৪৮ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে ১১ লাখ আবেদন জমা পড়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর প্রতি মানুষের আগ্রহ, মর্যাদা ও সংযোগেরই প্রমাণ।’
১৪ দলের অংশগ্রহণে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ২ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর বাকি থাকলেও টিকিটের জন্য এমন ব্যাপক চাহিদা প্রমাণ করছে, ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঘিরে সমর্থকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। আর ভারত-পাকিস্তান ম্যাচ যে এবারও সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, টিকিটের আবেদনের পরিসংখ্যানেই মিলছে তার পরিষ্কার প্রমাণ।



