নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে আরব ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সংগঠন ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশনস (ইউএএফএ)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় সংগঠনটির ৮১তম বোর্ড সভা শেষে এ সমর্থনের কথা জানানো হয়।
২২টি আরব ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী ইউএএফএ জানিয়েছে, জাতীয়, আঞ্চলিক ও মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারে ফিফার সাম্প্রতিক উদ্যোগকে তারা স্বাগত জানায়। একই সঙ্গে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে সংগঠনটি বলেছে, তার নেতৃত্বে বিশ্ব ফুটবল সম্প্রদায়ের মধ্যে ঐক্য আরও জোরদার হয়েছে।
এর আগে আগস্টে কাতার ও ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কোসহ ছয়টি আরব দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানরা ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছিলেন। এরপর মঙ্গলবার আটটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী গালফ ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রকাশ করে।
তবে একই সময়ে ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচন নিয়ে বিরোধিতাও বাড়ছে। বুধবার সুইস ফুটবল অ্যাসোসিয়েশন গত জুনে দেওয়া সমর্থন প্রত্যাহার করে নেয়। সংগঠনটি ফিফার নেতৃত্ব, পরিচালনব্যবস্থা, স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে মৌলিক প্রশ্ন তুলেছে।
জুলাইয়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার অংশীদারত্ব বিক্রির প্রস্তাব দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। এরপর ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স ও সার্বিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনও তার প্রতি সমর্থন প্রত্যাহার করে।
সমর্থন হারানোর পাশাপাশি সমালোচনা বাড়তে থাকায় গত সপ্তাহে ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দেন ইনফান্তিনো। সেখানে নিজেদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার প্রস্তাব দেন তিনি।
২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফাও জানিয়েছে, নভেম্বরের সময়সীমার আগে তারা একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবে।



