অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের অনুশীলনে সাত পরিবর্তন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) প্রথম অনুশীলনে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। গত শুক্রবার টাউনসভিলে ১-১ গোলে ড্র করা ম্যাচের পর প্রতিশ্রুতি অনুযায়ী দলে এই পরিবর্তন আনেন ইতালিয়ান কোচ। একই সঙ্গে কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে অনুশীলন করিয়েছেন তিনি। খবর গ্লোবো এস্পোর্তের।
অনুশীলনে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ছিল- ওতাভিও; ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বোনতেম্পো; রায়ান, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
গোলরক্ষক পজিশন নিয়েই এখনো সবচেয়ে বেশি অনিশ্চয়তা রয়েছে। আনচেলত্তি সাধারণত গোলরক্ষক পরিবর্তন করে থাকেন। রোববারের অনুশীলনে শুরুতে ওতাভিওকে খেলালেও হুগো ও মরিসকোও এর আগে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন।
আগের ম্যাচের শুরুর একাদশ থেকে এবার কেবল দানিলো, ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া জায়গা ধরে রেখেছেন। তবে রাফিনিয়ার পজিশনে পরিবর্তন এসেছে। বার্সেলোনায় আক্রমণভাগের আরও ওপরে খেলে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে আনচেলত্তি এবার সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর চেষ্টা করছেন।
বার্সেলোনার হয়ে আক্রমণাত্মক ভূমিকায় নেমে আট ম্যাচে ১৪ গোল করেছেন রাফিনিয়া। জাতীয় দলেও তার বর্তমান ফর্মের সর্বোচ্চ সুবিধা নিতে চাইছেন আনচেলত্তি। অনুশীলনের শেষ দিকে মাঝমাঠ ও আক্রমণভাগে আরও কিছু সমন্বয় পরীক্ষা করেন কোচিং স্টাফ। তখন আন্দ্রে সান্তোস, বিদোন ও মার্টিনেল্লি এবং লিনো, এন্দ্রিক ও এস্তেভাওকে নিয়ে বিভিন্ন কম্বিনেশন দেখা হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সোমবার আরও একটি অনুশীলন করবে ব্রাজিল। এরপরই ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে। ব্রাজিল ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে।
এরপর ফিফা সুপার ডেটের শেষ ম্যাচে আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।



