Logo
Logo
×

খেলা

শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম

শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

একটি জার্সি, একটি ম্যাচ, আর তার সঙ্গে জড়িয়ে দুই দশকের ইতিহাস। আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে প্রস্তুত হচ্ছে বিশেষ আয়োজন। বেনিনের বিপক্ষে ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসি পরবেন আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি।

আর্জেন্টিনার চিরচেনা আকাশি ও সাদা রং থাকছে ঠিকই, তবে বিদায়ী জার্সিতে যোগ হয়েছে সোনালি আবহ। কলার ও হাতায় সোনালি নকশার পাশাপাশি পেছনে সোনালি অক্ষরে লেখা থাকবে মেসির নাম ও তার বিখ্যাত ১০ নম্বর।

জার্সির আরেকটি বিশেষ আকর্ষণ ‘সান অব মে’- আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে সূর্যের রশ্মির নকশা রাখা হয়েছে। সব মিলিয়ে জার্সিটিকে শুধু ম্যাচের পোশাক নয়, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক হিসেবেই সাজানো হয়েছে।

জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয়ার পর মেসির শেষ ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেছে নেয়া হয়েছে বেনিনকে।

মেসিকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে সমর্থকদের আগ্রহের চিত্রও স্পষ্ট হয়েছে টিকিট বিক্রিতে। ২৪ সেপ্টেম্বর বিক্রি শুরুর পর দুই ঘণ্টারও কম সময়ে মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে তাই বিদায়ী রাতটি হতে যাচ্ছে কানায় কানায় পূর্ণ।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক অভিষেক মেসির। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এই সময়ে জাতীয় দলের হয়ে তার অর্জনের তালিকায় যোগ হয়েছে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপের মতো বড় শিরোপা।

২০২১ সালে কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান মেসি। পরের বছর ফিনালিসিমা ও বিশ্বকাপ জয় করেন। এরপর ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার ট্রফি ওঠে তার হাতে।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। শেষ ম্যাচে সেই সংখ্যাকে আরও সমৃদ্ধ করার সুযোগ থাকছে তার সামনে। তবে গোল হোক বা না হোক, ৬ অক্টোবরের রাতটি যে আর্জেন্টাইন ফুটবলে আলাদা করে লেখা থাকবে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন