Logo
Logo
×

খেলা

বাংলাদেশ-নেপাল ঐতিহাসিক সিরিজ, চূড়ান্ত সূচি প্রকাশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

বাংলাদেশ-নেপাল ঐতিহাসিক সিরিজ, চূড়ান্ত সূচি প্রকাশ

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ ক্রিকেট দলের নেপাল সফরের সূচি। প্রথমবারের মতো নেপালের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। ২০২৭ সালের মার্চে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ তাৎপর্য পাচ্ছে এই সফর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপাল সফরের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচের ভেন্যু নেপালের রাজধানী কাঠমান্ডু।

বাংলাদেশের এই সফরের পেছনে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক জোরদারের উদ্যোগও রয়েছে। সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর বৈঠকে সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় বুধবার বিসিবিতে যান নেপালের রাষ্ট্রদূত। সেখানে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে প্রস্তাবিত সিরিজের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

তবে ক্রিকেটের বাইরেও মানবিক বার্তা থাকবে এই সিরিজে। নেপালের ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্মরণে বাংলাদেশ-নেপাল সিরিজটি উৎসর্গ করা হবে। সিরিজ থেকে পাওয়া লভ্যাংশও বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করার কথা জানিয়েছে বিসিবি।

নেপালের ক্রিকেটের উন্নয়নেও পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়মিত সহযোগিতা ও সমর্থন দেওয়ার পাশাপাশি দুই দেশের পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে কাজ করার সুযোগ থাকবে।

বাংলাদেশ-নেপালের ক্রিকেট লড়াই অবশ্য একেবারে নতুন নয়। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। দুটি ম্যাচই হয়েছে বিশ্বকাপে, আর দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে নেপালের মাটিতে এবারই প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন