ইউএস ওপেন
ছয়বারের গ্রান্ড স্ল্যামজয়ীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চীনা তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
ঝেং কিনওয়েন। ছবি: সংগৃহীত
ইউএস ওপেনে দারুণ চমক দেখিয়েছেন চীনের টেনিস তারকা ঝেং কিনওয়েন। ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্বসেরা ইগা শিয়াওতেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন অলিম্পিক স্বর্ণপদকজয়ী এই চীনা খেলোয়াড়।
শিয়াওতেকের বিপক্ষে ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি ঝেংয়ের। প্রথম সেটে একপর্যায়ে ০-৫ গেমে পিছিয়ে পড়েন তিনি। তবে এরপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টানা সাতটি গেম জিতে নেন। এর আগে চতুর্থ রাউন্ডে ম্যাডিসন কিজের বিপক্ষেও শেষ সাতটি গেম জিতে ম্যাচ জিতেছিলেন ঝেং।
দ্বিতীয় সেটেও দারুণ নিয়ন্ত্রণ ধরে রাখেন তিনি। শিয়াওতেকের সার্ভিস দুবার ভেঙে ৬-৩ গেমে সেটটি জিতে ম্যাচ নিশ্চিত করেন। প্রথম সেটে তিনটি সেট পয়েন্টও বাঁচিয়েছিলেন ঝেং।
এই জয়ের মাধ্যমে ইউএস ওপেনের নারী এককে ২০২১ সালের পর প্রথম কোয়ালিফায়ার হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠলেন ঝেং। ২০২১ সালে বাছাইপর্ব পেরিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন এমা রাদুকানু।
কোয়ার্টার ফাইনালে ঝেংয়ের প্রতিপক্ষ বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এলেনা রিবাকিনা। শেষ ষোলোতে দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন রিবাকিনা।
ঝেংয়ের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রিবাকিনা। এখন পর্যন্ত দুজনের পাঁচ দেখায় চারটিতেই জয় পেয়েছেন কাজাখস্তানের এই তারকা। চলতি বছর দোহা ও মাদ্রিদেও ঝেংকে হারিয়েছেন তিনি। রিবাকিনার জন্য ম্যাচটির গুরুত্ব আরও বেশি। সেমিফাইনালে উঠতে পারলে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান নিশ্চিত হবে তার।
অন্যদিকে, শীর্ষ দশে ফেরার লড়াই করছেন ঝেং। দীর্ঘ চোটের পর ফর্ম ফিরে পেতে গিয়ে র্যাঙ্কিংয়ের বড় পতন মেনে নেয়া তার জন্য মানসিকভাবে কঠিন ছিল বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ম্যাচ হেরে কোর্ট ছাড়ার সময় চোখে পানি ছিল শিয়াওতেকের। সাম্প্রতিক সময়ে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলোতে তার হতাশা যেন কাটছেই না। গত বছর উইম্বলডনে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন পোল্যান্ডের এই তারকা। এরপর চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে বিদায় নেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ রাউন্ড এবং উইম্বলডনে নিজের শিরোপা ধরে রাখার অভিযানে তৃতীয় রাউন্ডেই থেমে যান।



