Logo
Logo
×

খেলা

বর্ষসেরার পুরস্কার জিতে রোনালদোর পাশে ফার্নান্দেজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম

বর্ষসেরার পুরস্কার জিতে রোনালদোর পাশে ফার্নান্দেজ

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজেকে নতুন করে চেনানোর পর এবার পুরস্কারের মঞ্চেও বড় স্বীকৃতি পেলেন ব্রুনো ফার্নান্দেজ। সতীর্থদের ভোটে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। আর এই অর্জনের মধ্য দিয়ে দাঁড়িয়ে গেলেন দেশটির আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে।

গত মৌসুমে ইউনাইটেডের হয়ে অসাধারণ ছন্দে ছিলেন ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে ২১টি অ্যাসিস্টের পাশাপাশি ৯ গোল করে দলের আক্রমণে বড় ভূমিকা রাখেন তিনি। মাইকেল ক্যারিকের অধীনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় ইউনাইটেড।

নিজের পারফরম্যান্সের স্বীকৃতি অবশ্য আগেই পেয়েছিলেন ফার্নান্দেজ। মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের পুরস্কার জেতার পর এবার সতীর্থ পেশাদার ফুটবলারদের ভোটেও সেরার মুকুট পেলেন ৩১ বছর বয়সী এই তারকা।

ফার্নান্দেজের এই অর্জনে গর্বিত হওয়ার মতো রেকর্ড গড়েছে ইউনাইটেডও। ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত ১২ জন ফুটবলার পিএফএ বর্ষসেরার পুরস্কার জিতেছেন। ইংল্যান্ড ও ওয়েলসের কোনো ক্লাবের ক্ষেত্রে এই সংখ্যা সর্বোচ্চ।

আর ফার্নান্দেজ হলেন পিএফএ বর্ষসেরার পুরস্কারজয়ী মাত্র দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার। এর আগে এই কীর্তি গড়েছিলেন রোনালদো। ২০০৭ ও ২০০৮ সালে টানা দুইবার পুরস্কারটি জিতেছিলেন ইউনাইটেডের সাবেক এই তারকা।

ফার্নান্দেজের উত্থানের পেছনে ক্যারিকের কোচিংও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন কোচ আক্রমণভাগের খেলোয়াড়দের আরও স্বাধীনভাবে খেলার সুযোগ দেন, আর সেই ব্যবস্থায় দলের অধিনায়ক হয়ে ওঠেন আক্রমণের অন্যতম প্রধান চালিকাশক্তি।

২০২০ সালে স্পোর্তিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেন ফার্নান্দেজ। এরপর ক্লাবটির হয়ে ৩১৪ ম্যাচে তার গোল ১১০টি, অ্যাসিস্ট ১০৬টি। অর্থাৎ সরাসরি ২০০ গোলে অবদান রেখেছেন তিনি। প্রিমিয়ার লিগ যুগে ইউনাইটেডের হয়ে এই মাইলফলকে তার সামনে আছেন শুধু ওয়েইন রুনি, যিনি ২৯৫ ম্যাচেই ২০০ গোলে সম্পৃক্ত হয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন