বাংলাদেশের কাছে লজ্জার হার, বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের শোচনীয় পরাজয়ের পর এবার মাঠের বাইরেও শাস্তির শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা হতে পারে। পাশাপাশি তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা যেতে পারে। প্রতিবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার।
শনিবার (১৫ আগস্ট) অস্ট্রেলিয়া ৯০ ওভারের ন্যূনতম লক্ষ্যের বিপরীতে বোলিং করেছে মাত্র ৮৬ ওভার। অর্থাৎ তারা চার ওভার পিছিয়ে ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১৫ ওভার এবং এক দিনের খেলায় অন্তত ৯০ ওভার শেষ করার লক্ষ্য থাকে।
নির্ধারিত ওভারের চেয়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে। অস্ট্রেলিয়ার একেকজন খেলোয়াড় টেস্টে ২০ হাজার ডলার করে ম্যাচ ফি পান। সে হিসাবে প্রতি ওভারের জন্য জরিমানা হতে পারে ১ হাজার ডলার। চার ওভার কম হওয়ায় সর্বোচ্চ ৪ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন প্রত্যেক খেলোয়াড়।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ম্যাচ রেফারি পরিস্থিতি বিবেচনা করবেন। ডারউইনের তীব্র গরম ও আর্দ্রতা, উইকেট পড়ার সংখ্যা এবং অন্যান্য পরিস্থিতিও বিবেচনায় নেয়া হতে পারে। তাই আপাতত শাস্তি নিশ্চিত নয়।
তবে জরিমানার পাশাপাশি অস্ট্রেলিয়ার আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। স্লো ওভার রেটের কারণে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে চার পয়েন্ট কেটে নেয়া হতে পারে। অস্ট্রেলিয়া বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয়ের হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩৬ এবং জয়ের হার ৭৫ শতাংশ।
স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারানোর তিক্ত অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার অবশ্য নতুন নয়। ২০২০ সালের বক্সিং ডে টেস্টে ধীর ওভার রেটের জন্য চার পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা।



