অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার অপেক্ষায় বাংলাদেশ। ডারউইন ও ম্যাকাইতে হবে দুটি টেস্ট ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে। দুটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এবারের সফরে আর কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ।
প্রথম টেস্টের জন্য রোববার (২৬ জুলাই) ১৫ সদস্যের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই রাতে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় উড়াল দেবে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমুনিল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল জিম্বাবুয়েতে। ম্যাচটা আড়াই দিনেই হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই টেস্টে চোটের কারণে খেলা হয়নি লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও চোটের কারণে লিটন থাকবেন না। এছাড়া জিম্বাবুয়েতে খেলেননি পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। নাহিদ অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেছেন। শরিফুল খেলতে পারবেন না প্রথম টেস্ট।
নাহিদ রানার পরিবর্তে টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুশফিক হাসান। ডানহাতি দ্রুতগতির বোলার শেষ কয়েক বছর ধরেই আলোচনায় ছিলেন। ১৭ প্রথম শ্রেণির ম্যাচে ২২.৮২ গড়ে ৫৭ উইকেট পেয়েছেন। যেখানে ৫ উইকেট আছে ৩টি।
এছাড়া জাকের আলী অনিক ও সৌম্য সরকার দলে ফিরেছেন। সৌম্য ৫ ও জাকের ১ বছর পর জাতীয় দলে ফিরলেন। চোটে থাকা লিটনের পরিবর্তে জাকের আলীকে নেয়া হয়েছে। গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি চার দিনের ম্যাচে তিন ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তিন ইনিংসেই করেছিলেন ফিফটি। ২০২৪ সালের অক্টোবের অভিষেকের পর জাকের এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে রান করেছেন ৩৩৭। সর্বোচ্চ ইনিংস ৯১ রানের। ২০২৫ সালে দল থেকে বাদ পড়ে আবার এক বছরের মধ্যেই সুযোগ পেলেন তিনি।
অফফর্মে থাকা জয়কে বাদ দিয়ে সৌম্যকে নেয়া হয়েছে। ৫ বছর আগে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে সৌম্য খুলনার হয়ে ১৪ ইনিংসে ৬৩৩ রান করেছেন ৪৫.২১ গড়ে। যেখানে ১টি সেঞ্চুরির সঙ্গে ছিল ৪টি ফিফটি। টেস্ট দলে সুযোগ পাওয়ার আগে সৌম্যকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেওয়া হয়েছিল। কিন্তু সাত ইনিংসের পাঁচটিতেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি তিনি। বাকি দুইটিতে করেছেন ৪২ ও ৬৯। এবার টেস্ট দলে ফিরে সৌম্য কেমন করেন সেটাই দেখার।
২৩ বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল। ২০০৩ সালে সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে। পরেরটি কেয়ার্নসে। পরে ২০০৮ সালে অজিরা কেবল তিন ওয়ানডের জন্য বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছিল। এরপর কখনোই বাংলাদেশকে খেলতে ডাকেনি অস্ট্রেলিয়া। এবার লম্বা সময় পর দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশের অস্ট্রেলিয়ার দুয়ার খুলল।



