Logo
Logo
×

খেলা

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া অবসরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া অবসরে

দীর্ঘ ২২ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। ৪১ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার বিরল কীর্তি গড়ে ওচোয়া নাম লিখিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে।

অনেকদিন ধরেই জানা ছিল, ২০২৬ বিশ্বকাপই হবে ওচোয়ার শেষ আন্তর্জাতিক আসর। তবে সমর্থকদের একাংশ আশা করেছিলেন, আরেকটি স্বল্পমেয়াদি চুক্তি করে হয়তো ক্যারিয়ার আরও কিছুদিন বাড়াবেন অভিজ্ঞ এই গোলরক্ষক। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান তিনি।

আবেগঘন বার্তায় ওচোয়া লিখেছেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি। ক্লাব এবং জাতীয় দলের জন্য মাঠে যা কিছু ছিল, সব উজাড় করে দিয়েছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখছি। গোলরক্ষক হওয়া মানে এমনও হতে পারে, ৯০ মিনিট অপেক্ষা করতে হবে একটি মুহূর্তের জন্য, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত এলে কোনো দ্বিধা করা যাবে না।’

ওচোয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি তার দীর্ঘস্থায়িত্ব। মেক্সিকোর হয়ে তিনি ছয়টি বিশ্বকাপ দলে ছিলেন, যা পুরুষ ফুটবলে কেবল মেসি ও রোনালদোই করতে পেরেছেন। শুরুতে রিজার্ভ থাকলেও ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে ছিলেন মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক।

বিদায়ী বার্তায় তিনি আরও বলেন, ‘একটি স্বপ্ন আমাকে এতদূর নিয়ে যাবে, কখনো ভাবিনি। আজ শুধু গর্ব নিয়ে পেছনে তাকিয়ে বলতে পারি--ধন্যবাদ। লাখো মানুষের ভালোবাসা আর মেক্সিকোর জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার তৃপ্তিই সঙ্গে করে নিয়ে যাচ্ছি।’

২০২৬ বিশ্বকাপে মূল গোলরক্ষক ছিলেন রাউল রাঙ্গেল। তবে শেষ গ্রুপ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ ১৩ মিনিটে ওচোয়াকে মাঠে নামিয়ে স্মরণীয় বিদায়ের ব্যবস্থা করেন কোচ হাভিয়ের আগিরে। ম্যাচ শেষে আবেগাপ্লুত ওচোয়া অ্যাজটেকা স্টেডিয়ামের গোলপোস্টে চুমু খান, যে মাঠেই শুরু হয়েছিল তার পেশাদার ক্যারিয়ার।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার হয়ে অভিষেক হয় ওচোয়ার। অসাধারণ রিফ্লেক্সের কারণে দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন। ক্লাব আমেরিকায় সাত মৌসুম কাটানোর পর ২০১১ সালে ফরাসি ক্লাব আজাক্সিওতে যোগ দিয়ে ইউরোপে খেলা প্রথম মেক্সিকান গোলরক্ষক হিসেবে ইতিহাস গড়েন।

এরপর মালাগা, গ্রানাডা, স্ট্যান্ডার্ড লিয়েজ, সালের্নিতানা, এভিএস ফুটবল ও এইইএল লিমাসলের মতো ক্লাবেও খেলেছেন তিনি। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত দ্বিতীয় দফায় ক্লাব আমেরিকায় ফিরে আবারও নিজের কিংবদন্তির মর্যাদা আরও দৃঢ় করেন।

ক্লাব ক্যারিয়ারে ২০০৫ ক্লাউসুরায় ক্লাব আমেরিকার হয়ে লিগ শিরোপা এবং স্ট্যান্ডার্ড লিয়েজের হয়ে বেলজিয়ান কাপ জয়ের স্বাদ পান ওচোয়া। তবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন বিশ্বকাপের মঞ্চে একের পর এক অবিশ্বাস্য সেভ আর মেক্সিকোর জার্সিতে তার অনন্য লড়াকু মানসিকতার জন্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন