Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ ফাইনালে মেসিকে থামানো অসম্ভব: ইনিয়েস্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

বিশ্বকাপ ফাইনালে মেসিকে থামানো অসম্ভব: ইনিয়েস্তা

আসন্ন ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হচ্ছে রোববার (১৯ জুলাই)। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। এর আগে স্পেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে মাঠে পুরোপুরি আটকে রাখা প্রায় অসম্ভব।

স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, “তাকে পুরোপুরি থামিয়ে দেওয়া অসম্ভব। স্পেনের উচিত হবে নিজেদের কৌশল দিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলা, সুযোগ তৈরি করা এবং সেই সুযোগ কাজে লাগানো।”

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত অপরাজিত এবং সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে। অন্যদিকে, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সর্বোচ্চ গোল করে ফাইনালে উঠেছে। মেসি একাই করেছেন ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট।

বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মেসির প্রশংসা করে ইনিয়েস্তা বলেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসেও মেসি যে মানের ফুটবল খেলছেন, তা অসাধারণ। তার সংকল্প ও পারফরম্যান্সের প্রতি শুধু শ্রদ্ধাই জানানো যায়।

স্পেনের খেলোয়াড়দের উদ্দেশে ইনিয়েস্তা বলেন, ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে হবে। তিনি মনে করেন, চলতি বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স ক্রমেই উন্নত হয়েছে এবং ফাইনালে তারা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলবে।

সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা স্পেনের আক্রমণভাগে আছেন মিকেল ওয়ারজাবাল, লামিন ইয়ামাল ও মিকেল মেরিনো। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দলটি।

ফাইনালে কে গোল করবেন— এমন প্রশ্নে ইনিয়েস্তা বলেন, “কে গোল করল তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের লক্ষ্য একটাই— চ্যাম্পিয়ন হওয়া।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন