Logo
Logo
×

খেলা

পেলের বিশ্বকাপ জয়ী জার্সি বিক্রি হলো ৬০০ মিলিয়নে!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

পেলের বিশ্বকাপ জয়ী জার্সি বিক্রি হলো ৬০০ মিলিয়নে!

ক্রীড়া ইতিহাসের অন্যতম দামি স্মারক হিসেবে নাম লেখালো ফুটবল কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ জয়ী জার্সি। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক জার্সিটি নিলামে ৪৯ লাখ ডলার বা প্রায় ৬০০ মিলিয়ন টাকায় বিক্রি হয়েছে।

নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সদবিস জানিয়েছে, এর মধ্য দিয়ে এটি ফুটবল কিংবদন্তি পেলের বিক্রি হওয়া স্মারকগুলোর মধ্যে ইতিহাসের সবচেয়ে দামি বস্তুতে পরিণত হলো। মাত্র ১৭ বছর বয়সে এই জার্সি পরেই স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপের স্বাদ এনে দিয়েছিলেন পেলে।

নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘সদবিস’ গত বৃহস্পতিবার জানিয়েছে, নিউইয়র্কের এই নিলামে পাঁচজনেরও বেশি দরদাতার কাছ থেকে জার্সিটির জন্য ১০টি দরপ্রস্তাব জমা পড়েছিল। ম্যাচটির ঐতিহাসিক গুরুত্বের কারণেই জার্সিটির মূল্য এতটা আকাশচুম্বী হয়েছে। মূলত ১৯৫৮ সালের সেই ফাইনালে এই জার্সি পরেই মাঠে নেমেছিলেন পেলে।

২০২২ সালে না ফেরার দেশে পাড়ি দেওয়া ফুটবল সম্রাট পেলে যখন ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন, তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। বিশ্বকাপের ফাইনালে গোল করা সবচেয়ে কম বয়সি খেলোয়াড়ের রেকর্ডটি আজও তার দখলে। আর সেই ম্যাচের হাত ধরেই ব্রাজিল তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল।

এডসন আরান্তেস দো নাসিমেন্তো—ফুটবল বিশ্ব যাকে ‘পেলে’ নামে চেনে, পরবর্তীতে তিনি ব্রাজিলের তো বটেই, গোটা ফুটবল ইতিহাসেরই সবচেয়ে প্রভাবশালী আইকনে পরিণত হন।

সদবিস জানিয়েছে, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ফুটবল ইতিহাসের অন্যতম সর্বাধিক প্রচারিত ছবি। আর তাদের ভাষায়, ‘সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই জার্সিটি।’  

এর আগে ২০০৪ সালের এক নিলামে এই জার্সিটি ৭০,৫০৫ পাউন্ডে (যা তৎকালীন মূল্যে প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ ডলার) বিক্রি হয়েছিল বলেও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।

পেলের এই জার্সিটি চড়া দামে বিক্রি হলেও, এটি কিন্তু ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি স্মারকের ধারের কাছেও নেই। সেই রেকর্ডটি নিজের দখলে রেখেছে কিংবদন্তি ব্যাটার বেব রুথের পরা একটি বেসবল জার্সি। ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে তার পরা এই জার্সিটি ২০২৪ সালে রেকর্ড ২৪.১ মিলিয়ন (২ কোটি ৪১ লাখ) ডলারে বিক্রি হয়েছিল।

নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘বোনহামস’-এর তথ্য অনুযায়ী, ইতিহাসের অন্যান্য চড়া মূল্যের স্মারকের মধ্যে রয়েছে বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালসের জার্সি, যা বিক্রি হয়েছিল ১০.১ মিলিয়ন ডলারে। এছাড়া তালিকায় রয়েছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার পরা একটি ফুটবল জার্সিও; ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনালে পরা এই জার্সিটি বিক্রি হয়েছিল ৯২ লাখ ডলারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন