১৫ জুন অনুষ্ঠিত ৩ ম্যাচে ফল আসেনি। স্পেন, বেলজিয়াম, উরুগুয়ের কেউই জিততে পারেনি তাদের ম্যাচে। এবার ইরান-নিউজিল্যান্ড ম্যাচও যাচ্ছে সে পথেই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুই দল প্রথমার্ধ শেষ করেছে ১-১ গোলে সমতায় থেকে।
খেলার শুরু থেকেই চাপ দেয় ইরান। প্রথম মিনিটেই তারা প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়ে। কিন্তু নিউজিল্যান্ড রক্ষণ সেটা সামলে নেয়।
মাত্র ৫ মিনিটের মাথায় গোল করে নিউজিল্যান্ড। এলিজাহ জাস্ট সুযোগ পেয়েই বল জড়িয়ে দেন ইরানের জালে। গোলের পর মাঠে মোমেন্টাম পেয়ে যায় কিউইরা। একাধিক শট নিয়েছে ইরান গোলমুখে।
তবে ইরানও হতোদ্যম হয়নি। ১৬তম মিনিটে ইরানকে সমতা ফেরানোর কাছাকাছি চলে আসেন মেহদি তারেমি। তিনি দারুণ গতিতে উঠে আসেন। গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট নেন। কিন্তু বারপোস্ট সেই শট আটকে দেয়।
৩২ মিনিটে সমতা ফেরায় ইরান। বক্সের ভেতর মোগানলুর শট ডিফ্লেক্ট হয়ে যায় রামিন রেজাইয়ানের কাছে। তিনি গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।
৪৫ মিনিটে ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ায় ইরান। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়।
প্রথমার্ধে গ্যালারিতে ইরানি সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রামিনের গোলের পর তাদের উল্লাস যেন সোফি স্টেডিয়ামকে তেহরানের আজাদি স্টেডিয়ামে রূপ দেয়।



