বিশ্বকাপের আগে নিরাপত্তা শঙ্কা, বেসক্যাম্পের কাছে গোলাগুলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:০০ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সময় গত শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।
এলাকাটি ইংল্যান্ড জাতীয় দলের নির্ধারিত বেসক্যাম্প 'সোয়োপ সকার ভিলেজ' থেকে মাত্র ৪.৬ মাইল দূরে অবস্থিত। তাই ঘটনাটি বিশ্বকাপ আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
মার্কিন পুলিশের তথ্যমতে, গোলাগুলির খবর পেয়ে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কারো আঘাতই প্রাণঘাতী নয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি একটি অননুমোদিত 'আফটার-আওয়ার্স ক্লাবে' ঘটেছে এবং এর সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। ঘটনার সময় ইংল্যান্ড দলের খেলোয়াড় ও স্টাফরা ফ্লোরিডায় অবস্থান করছিলেন, ফলে তারা নিরাপদ ছিলেন।
ঘটনাটি ইংল্যান্ড দলের বেসক্যাম্পের কাছে হওয়ায় আয়োজক এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে নড়েচড়ে বসার প্রয়োজন দেখা দিয়েছে। কানসাস সিটি যেহেতু ইংল্যান্ড ছাড়াও আর্জেন্টিনা, নেদারল্যান্ডস এবং আলজেরিয়ার মতো দলগুলোর প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হবে, তাই স্থানীয় কর্তৃপক্ষ এখন পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। তদন্ত শুরু করেছে মিসৌরি অঙ্গরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ১১টি মার্কিন শহর জুড়ে আয়োজিত এই বিশাল টুর্নামেন্টে ড্রোন হামলা প্রতিরোধ থেকে শুরু করে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রায় ৮৪৬ মিলিয়ন ডলারের বিশেষ অনুদান ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে আয়োজকদের কাছে নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য কঠোর নিরাপত্তা বলয় তৈরির কাজ চলমান রয়েছে। যদিও কানসাস সিটির এই ঘটনাটি টুর্নামেন্টের সাথে সম্পর্কিত নয়, তবুও এটি আয়োজকদের জন্য খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জকে আরও প্রকট করে তুলেছে।
সূত্র- নিউইয়র্ক টাইমস



