বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:১০ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতের অভিযোগ উঠেছে। প্রার্থী তালিকায় সরকারি দলের সংসদ সদস্য, মন্ত্রী এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের আত্মীয়স্বজনের উপস্থিতি উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে, প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশ রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সুবিধাভোগী। অধিকাংশ পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আর কয়েকটি পদে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি-১ থেকে ১০ পরিচালকের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, চট্টগ্রামের মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহীর মীর শাকরুল আলম এবং রংপুরের মির্জা ফয়সাল আমীন। খুলনা বিভাগের দুটি পদের জন্য শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুছ ছালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশালের একটি পদের জন্য লড়ছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ঢাকার ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২-এ ১৬ প্রার্থীর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এখানে ৩৯টি ই-ভোট প্রদান করা হবে। অভিযোগ রয়েছে, শেষ মুহূর্তে ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। এই ক্যাটাগরিতে ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল, তামিম ইকবাল খান, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম ও সাঈম ইব্রাহীম আহমেদের পরিচালক হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বাকি দুটি পদের জন্য আমজাদ হোসেন, সাকিফ আহমেদ সালাম ও ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।



