Logo
Logo
×

খেলা

পেনাল্টি মিসের পর ব্রাজিল তারকার জার্সি বিক্রি বাড়ল ৩৫০ শতাংশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৩৯ এএম

পেনাল্টি মিসের পর ব্রাজিল তারকার জার্সি বিক্রি বাড়ল ৩৫০ শতাংশ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল পিএসজি। যেখানে তাদের বিপক্ষে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েসের নেওয়া শটের দিকে নজর ছিল ফুটবলবিশ্বের। বাঁ পায়ের জোরালো শটটি বারের ওপর দিয়ে পাঠিয়ে তিনি হতাশায় মুষড়ে পড়েন। আর্সেনাল সমর্থকদের হতাশার কেন্দ্রে থাকা মাগালায়েস তখন খলনায়ক। তবে আশ্চর্যজনকভাবে ভক্তদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন এই ব্রাজিল তারকা।

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্যমতে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পেনাল্টি মিসের পর গ্যাব্রিয়েলের জার্সি বিক্রির পরিমাণ ৩৫০ শতাংশ বেড়ে গেছে। একযোগে ব্রাজিলিয়ান এই সেন্টারব্যাকের নাম লেখা জার্সি কিনে সমর্থনমূলক প্রতিক্রিয়া দেখাচ্ছেন ক্লাবভক্তরা। এমনকি এই সপ্তাহে তার নামটি সবচেয়ে বেশিসংখ্যক প্রিন্ট হয়েছে বলেও দাবি অ্যাথলেটিকের।

একপর্যায়ে ২৮ বছর বয়সী এই ফুটবলারের জার্সি বিক্রির পরিমাণ অন্যদের ‍তুলনায় দ্বিগুণে রূপ নেয় বলেও জানা গেছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাব্রিয়েল ‘যন্ত্রণাদায়ক’ অনুভূতির কথা লিখলেও, আর্সেনালের হয়ে খেলতে পারা এবং ২০২৫-২৬ মৌসুমে ক্লাবের সকল প্রাপ্তির জন্য ‘গর্বিত’ বলেও উল্লেখ করেন তিনি।

‘আমাদের অবিশ্বাস্য সব সমর্থককে এই যাত্রার প্রতিটি কদমে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এই অধ্যায়ে উদযাপন প্রাপ্য ছিলেন, দেখা হবে পরবর্তী মৌসুমে’, লেখেন গ্যাব্রিয়েল মাগালায়েস। তার মতো পেনাল্টি মিস করেছেন আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার এবেরেচি এজে–ও। রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজানোর পর ডেকলান রাইস দুই সতীর্থকে নিয়ে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পেনাল্টি মিস করে তারা (গ্যাব্রিয়েল ও এজে) বিধ্বস্ত।’

‘এটি সুন্দর কিছু নয়। তবে আমরা তাদের ভালোবাসি, তাদের সঙ্গে আছি এবং ফুটবলে এমন ঘটনা ঘটেই। তারাই শেষ ব্যক্তি নন, যারা ফাইনালে পেনাল্টি মিস করেছেন। সবারই পেনাল্টি মিসের অভিজ্ঞতা আছে এবং তাদের ছাড়া আমরা এবার প্রিমিয়ার লিগ জিততাম না, এটা নিশ্চিত। ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে গ্যাব্রিয়েল এমন, যার জন্য আমার বলার ভাষা নেই। এজেও ভালো করছে। এটি নিষ্ঠুর, তবে এটাই ফুটবল’, আরও যোগ করেন রাইস।

২০২০ সালে আর্সেনালে যোগ দেওয়ার পর গানার্সদের জার্সিতে এখন পর্যন্ত ২৬১ ম্যাচ খেলেছেন গ্যাব্রিয়েল। সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথেও তার অবদান ছিল। লিগের ৩২ ম্যাচের ৩০টি এবং ইউরোপসেরার প্রতিযোগিতায় ১৫ ম্যাচের মধ্যে ১১টিতে তিনি শুরুর একাদশে খেলেছেন। এরপর তাকে দেখা যাবে ব্রাজিলের জার্সিতে ২০২৬ ফিফা বিশ্বকাপে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন