ইন্টার মিয়ামি রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে মেজর লিগ সকারে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষমেশ জিতেছে ৬-৪ গোলে। তবে ১০ গোলের এই থ্রিলার ছাপিয়ে এখন আলোচনা লিওনেল মেসিকে নিয়ে। ম্যাচের ৭৩ মিনিটে মেসি মাঠ ছেড়ে সরাসরি টানেলে চলে যান। বিশ্বকাপের মাত্র আড়াই সপ্তাহ আগে এই দৃশ্য আর্জেন্টিনাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।
নিজেদের মাঠ নু স্টেডিয়ামে এই ম্যাচের ৬৮ মিনিটে মেসি একটি ফ্রি-কিক নেন। এরপর একটি ড্রিবলিংও করেন। কিন্তু তারপর থেকে তার হাঁটার গতি কমে যায়। কিছুক্ষণ পর তিনি নিজেই শর্টস গুটিয়ে বেঞ্চের দিকে বদলি মাঠে আনার ইশারা করেন। মাঠ ছাড়ার সময় তাকে খোঁড়াতে দেখা যায়নি। তবে মাঠের বাইরে কয়েকজন দর্শক জানিয়েছেন, তারা মেসিকে পা ধরতে দেখেছেন। টেলিভিশনের পর্দায় সেটা স্পষ্ট ছিল না।
ইন্টার মিয়ামির কোচ বলেছেন, মেসির চোটের কোনো মেডিকেল রিপোর্ট এখনো তাদের হাতে আসেনি। তার ধারণা, বৃষ্টির কারণে মাঠ ভারী হয়ে যাওয়ায় মেসি ক্লান্ত হয়ে পড়েছেন। তবে মিয়ামিতে মেসির এভাবে মাঠ ছাড়া বেশ অস্বাভাবিক। এই মৌসুমে তিনি যতগুলো ম্যাচ খেলেছেন, সব ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। গত মৌসুমেও মিয়ামি যখন এমএলএস কাপ জিতেছিল, তখনো প্রায় প্রতিটি ম্যাচে তিনি পুরো সময় খেলেছিলেন।
৩৮ বছর বয়সী মেসি এই মৌসুমে ১৪টি ম্যাচে ১২ গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন। ফর্মের দিক থেকে তিনি দারুণ আছেন। কিন্তু বিশ্বকাপের এত কাছে এসে এই মাঠ ছাড়া আর্জেন্টিনার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী কয়েক দিন মেসির স্বাস্থ্যের দিকে সবার নজর থাকবে। আর্জেন্টিনা ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। আজ থেকে ২৩ দিন পর কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে। গ্রুপ পর্বে এরপর আকাশি-সাদারা ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে।
মেসি নিজেও আগে বলেছিলেন, বিশ্বকাপে খেলা নিয়ে তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন না। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সেখানে থাকতে চাই, সুস্থ থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। ইন্টারের সঙ্গে প্রি-সিজন শুরু করলে আমি সত্যিই ১০০ শতাংশ ফিট আছি কি না, কাজে লাগতে পারব কি না, সেটা আমি আস্তে আস্তে বুঝব। তারপর সিদ্ধান্ত নেব।’
বিশ্বকাপের আগে মেসির এভাবে উঠে যাওয়া তাকে নিয়ে নতুন শঙ্কাই সৃষ্টি করল বৈকি!



