রিজওয়ানকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:১২ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণায় বড় ধরনের চমক দিয়েছে পাকিস্তান। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে রাখা হয়নি ১৬ সদস্যের দলে, যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
৩০ মে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের দলে ফিরেছেন বাবর আজম, হারিস রউফ ও শাদাব খান। পাকিস্তানি গণমাধ্যমগুলোর মতে, নতুন কোচ মাইক হেসন সাদা বলের ক্রিকেটে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান এবং তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজওয়ানের জায়গায় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন রোহাইল নাজির ও মুহাম্মদ গাজি ঘোরি। রোহাইলের জন্য এটি প্রথম ওয়ানডে দলে অন্তর্ভুক্তি।
সম্প্রতি রিজওয়ানের ব্যাটিং ফর্ম নিয়েও সমালোচনা ছিল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে তিন ম্যাচ মিলিয়ে তিনি করেন মাত্র ৫৮ রান। যদিও টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৯৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি।
চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না ফখর জামান ও সাইম আইয়ুব। সিরিজকে সামনে রেখে পাকিস্তান দল ২৩ মে থেকে অনুশীলন শুরু করবে।
পাকিস্তান স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আঘা, আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহেবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসাইন ও সুফিয়ান মুকিম।
সূত্র- আইসিসি



