Logo
Logo
×

খেলা

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক স্মিথ মারা গেছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:০৪ পিএম

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক স্মিথ মারা গেছেন

ক্রিকেট বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক স্মিথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার ওয়ারউইকশায়ার ও গ্ল্যামারগনের মধ্যকার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরুর আগে এডজবাস্টনে খেলোয়াড় এবং অফিশিয়ালরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মহান ক্রিকেটারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ডানহাতি এই ক্লাসিক ব্যাটার ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে ২৫টি টেস্টেই তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৫৮ সালে এডজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩টি সেঞ্চুরি ও ১১টি ফিফটিসহ ২,২৭৮ রান সংগ্রহ করেন। ক্রিকেটে অনন্য অবদানের জন্য ১৯৭৬ সালে তাকে ওবিই উপাধিতে ভূষিত করা হয়।

মাইক স্মিথ ঘরোয়া ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর খেলেন। এর মধ্যে ১৯৫৭ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি দলটির সফল অধিনায়ক ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৭ ম্যাচে ৩৯,৮৩২ রান করেছেন স্মিথ, যা ক্রিকেট ইতিহাসের ১৮তম সর্বোচ্চ রান।

১৯৫৯ মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে এক মৌসুমে ২,৪১৭ রানের রেকর্ড গড়েছিলেন তিনি, যা আজ পর্যন্ত দলটির ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। ১৯৬০ সালে তিনি ‘উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।

সাবেক এই ক্রিকেটার তিনি কেবল ক্রিকেটেই নয়, রাগবিতেও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লেস্টারের হয়ে রাগবি ইউনিয়ন খেলেছেন এবং ১৯৫৬ সালের জানুয়ারিতে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড জাতীয় রাগবি দলের হয়ে আন্তর্জাতিক ক্যাপ অর্জন করেন। তিনি ছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলা সর্বশেষ দ্বৈত আন্তর্জাতিক তারকা।

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পরও তিনি ক্রিকেটের সাথেই যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি ওয়ারউইকশায়ারের চেয়ারম্যান এবং আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। রেফারি হিসেবে তিনি ৪টি টেস্ট এবং ১৭টি ওডিআই ম্যাচ পরিচালনা করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন