আসন্ন বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পড়েছে স্পেন। দলের গুরুত্বপূর্ণ উইঙ্গার নিকো উইলিয়ামস ইনজুরিতে পড়েছেন।
অ্যাথলেটিক ক্লাবের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই পেশিতে চোট পান নিকো। তীব্র ব্যথার কারণে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছাড়তে হয় তাকে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মৌসুমে আর মাঠে নামা নাও হতে পারে স্প্যানিশ এই তারকার। পুরো মৌসুমজুড়েই ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। গত সেপ্টেম্বর থেকে পিউবালজিয়ার সমস্যায় ভুগছিলেন নিকো। কয়েক সপ্তাহ আগে সুস্থ হয়ে দলে ফিরলেও নতুন চোটে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ম্যাচ শেষে নিকোর ভাই জানান, পরিস্থিতি খুব একটা ভালো নয়। তার ভাষায়, নিকো এতটা ব্যথা আগে কখনো অনুভব করেনি। বিশ্বকাপের ঠিক আগে এমন চোট দলের জন্য বড় ধাক্কা।
আগামী কয়েক দিনের মেডিকেল পরীক্ষার পরই জানা যাবে বিশ্বকাপে নিকোর খেলার সম্ভাবনা কতটা রয়েছে। এখন স্পেন ও অ্যাথলেটিক ক্লাবের সমর্থকেরা অপেক্ষা করছেন ইতিবাচক কোনো খবরের জন্য।



