লা লিগার চলতি মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। পায়ের আঙুলের হাড় ফেটে যাওয়ায় আগামী ১০ মে অনুষ্ঠেয় ‘এল ক্লাসিকো’ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। শনিবার (২ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, এই চোটের কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই রাইটব্যাককে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না রিয়াল। তবে মৌসুমের শেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তিনি ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
আগামীকাল রোববার এস্পানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের ফলের ওপর ঝুলে আছে লা লিগার শিরোপা ভাগ্য। সমীকরণ বলছে, আজ রাতে ওসাসুনার মাঠে যদি বার্সেলোনা জয় পায় এবং কাল এস্পানিওলের বিপক্ষে রিয়াল পয়েন্ট হারায়, তবে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের।
কারভাহালের জন্য এই ক্লাসিকোটি ছিল বিশেষ আবেগের। রিয়ালের হয়ে ছয়টি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা জেতা এই তারকার সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মৌসুমেই। ফলে ন্যু ক্যাম্পে আগামী রোববারের ম্যাচটিই হওয়ার কথা ছিল তার ক্যারিয়ারের শেষ ক্লাসিকো।
চোটের আঘাত কেবল ক্লাবেই নয়, জাতীয় দলের ক্যারিয়ারেও কালো মেঘ ডেকে এনেছে। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার আসন্ন বিশ্বকাপে স্পেনের স্কোয়াডে জায়গা পাওয়ার স্বপ্ন দেখছিলেন। তবে ঘন ঘন ইনজুরি এবং নতুন করে পাওয়া এই চোট তার বিশ্বকাপ খেলার সম্ভাবনাকে অনেকটাই ফিকে করে দিল।



