ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আরও ১০ জনকে সদস্য করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আজ মঙ্গলবার ১১ সদস্যের নতুন কমিটি গঠন করেছে।
এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, তিন মাস মেয়াদে এই এডহক কমিটি দায়িত্ব পালন করবে।
বিসিবির সাম্প্রতিক অনিয়ম নিয়ে তদন্ত শেষে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় গত রোববার। এর দুদিন পর জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে নতুন এডহক কমিটি ঘোষণা করে।
সভাপতি তামিম ইকবালের পাশাপাশি সদস্য হিসেবে রয়েছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান, সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।
এই কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।



