বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ফায়াজুর রহমান মিতু। শনিবার (০৪ এপ্রিল) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। বিসিবির বোর্ড মিটিং শেষে পদত্যাগের চিঠি দিয়েছেন তিনি। বিষয়টি ফায়াজুর নিজেই নিশ্চিত করেছেন।
ফাইয়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া ঢাকার লিগগুলো আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ছিলেন ভাইস চেয়ারম্যানের ভূমিকায়। পদত্যাগের খবর নিশ্চিত করে ফাইয়াজুর গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’
২০২৫ সালের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ফাইয়াজুর। এ নিয়ে বর্তমান পর্ষদের চারজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।
সবাই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। তবে এখনও পর্যন্ত কারও পদত্যাগপত্রই গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।



