কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে চুক্তিভঙ্গ নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তির আওতাধীন ক্রিকেটাররা পিসিবির মিডিয়া বিভাগের পূর্বানুমতি ছাড়া সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। খেলোয়াড়দের তাদের চুক্তিতে উল্লেখিত সব নিয়ম, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম নীতিমালা মেনে চলার জন্য স্পষ্টভাবে বলা হয়েছে।
এছাড়া খেলোয়াড়দের ম্যানেজারদেরও প্রাসঙ্গিক সামাজিক যোগাযোগমাধ্যম নির্দেশিকা মেনে চলার বিষয়ে জানানো হয়েছে। পিসিবি পরিষ্কারভাবে জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক পোস্ট কোনো অবস্থাতেই সহ্য করা হবে না।
সূত্র জানায়, এখন থেকে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের জনসম্মুখে বক্তব্য দেয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কেউ বিতর্কিত পোস্ট করলে তাকে ন্যূনতম ১ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হতে পারে।
সম্প্রতি জাতীয় দলের ফাস্ট বোলার নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করার পর এ বিষয়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
২৩ বছর বয়সী এই পেসার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে করা একটি বিতর্কিত টুইটের কারণে শাস্তি পান। নাসিম শাহ নিঃশর্ত ক্ষমা চেয়ে এবং তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টাকে বরখাস্ত করলেও তাকে বড় শাস্তি দেয়া হয়।



