দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া অক্টোবরে অজি সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠের আসন্ন সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ছেলেদের সফরে আছে কেবল দুই টেস্ট। ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে ১৩ আগস্ট। ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে।
মেয়েদের সফর অক্টোবর মাসে। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে।
২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সেই সফরের আতিথেয়তায় খুশি হয়ে সিএ এর পক্ষ থেকে টাইগ্রেসদের আতিথ্য দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। এবার সূচিও প্রকাশ করা হলো।
এছাড়া অস্ট্রেলিয়ার ছেলেদের দল ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, পাঁচ টি-টোয়েন্টির সিরিজও খেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে আছে চার টেস্টের সিরিজ। নারী দল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টির সিরিজ।
এছাড়া টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি হিসেবে বিশেষ টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ২০২৭ সালের ১১ মার্চ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিবারাত্রির ম্যাচ, মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি :
১৩-১৭ আগস্ট : প্রথম টেস্ট, ডারউইন ২২-২৬ আগস্ট : দ্বিতীয় টেস্ট, ম্যাকায়
একনজরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি :
৯ অক্টোবর : প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১১ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৪ অক্টোবর : তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৮ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২০ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২২ অক্টোবর : তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল



