চ্যাম্পিয়নস লিগ
নিজস্ব স্ট্রিমিং সার্ভিস আনছে উয়েফা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম
প্রিমিয়ার লিগের দেখানো পথে হেঁটে এবার নিজস্ব ‘ডাইরেক্ট-টু-কনজিউমার’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। ২০২৭-২০৩১ সালের সম্প্রচার স্বত্বের চক্রে এটি কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে।
উয়েফা এবং ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর যৌথ উদ্যোগে গঠিত 'ইউসিথ্রি’ এই প্রকল্পটি পরিচালনা করবে। ধারণা করা হচ্ছে, ভারত বা ইন্দোনেশিয়ার মতো বাজারগুলো এই স্ট্রিমিং সার্ভিসের প্রাথমিক কেন্দ্র হতে পারে। প্রিমিয়ার লিগ যেমন সিঙ্গাপুরে তাদের ‘প্রেমফ্লিক্স’ অ্যাপ চালু করতে যাচ্ছে, উয়েফাও তেমনি এশীয় ভক্তদের কাছ থেকে আরও বেশি আয় এবং সম্পৃক্ততা নিশ্চিত করতে চায়।
ব্যর্থ ‘সুপার লিগ’ প্রকল্পটির চূড়ান্ত সমাপ্তি ঘটাতে রিয়াল মাদ্রিদের সাথে ইউয়েফার যে চুক্তি হয়েছে, তার একটি বড় শর্ত ছিল প্রযুক্তির মাধ্যমে ভক্তদের অভিজ্ঞতা উন্নত করা। ইউয়েফার এই নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর নমনীয় মনোভাবই রিয়াল মাদ্রিদকে সুপার লিগের ধারণা থেকে সরে আসতে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে একই দেশের দলগুলো একে অপরের মুখোমুখি হতে পারবে না- এই নিয়মটি বাতিলের দাবি তুলেছিল বেশ কিছু বড় ক্লাব। তাদের যুক্তি ছিল, প্রিমিয়ার লিগের দলগুলো এই নিয়মের ফলে বাড়তি সুবিধা পায়। তবে উয়েফা আপাতত এই নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ লিগ পর্বে একই দেশের দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে না। তবে শেষ ১৬-তে তা থাকছে না।



