অনির্দিষ্টকালের জন্য স্থগিত আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম
আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। মূলত, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলোয়াড়দের নিরাপত্তা এবং ভ্রমণ ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান এই প্রথমবার শ্রীলঙ্কাকে ঘরের মাঠে (হোম সিরিজ হিসেবে আমিরাতে) স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে পাকিস্তান নারী দলও দক্ষিণ আফ্রিকা সফর শেষে একই কারণে ডারবানে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা ঝুঁকিপূর্ণ, তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিজটি কবে নাগাদ পুনরায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ডই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।



