Logo
Logo
×

খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের তোলা ১৬৯ রান ৯ উইকেট হাতে রেখেই টপকে গেছে ব্ল্যাক ক্যাপসরা। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিটও নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আজ প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি প্রোটিয়াদের। কুইন্টন ডি কক এবং এইডেন মারক্রামের ওপেনিং জুটি ভেঙেছে দলের ১২ রানের মাথাতেই। ৮ বলে ১০ রান করে বিদায় নিয়েছেন ডি কক। পরের বলেই আউট হন রায়ান রিকেলটন। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান তিনি। ১২ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এরপর দলের হাল ধরেন টিকে থাকা ওপেনার এইডেন মারক্রাম এবং চারে নামা ডেওয়াল্ড ব্রেভিস। পরিস্থিতি সামাল দিয়ে দলের বোর্ডে রান তুলেছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মারক্রাম থেমেছেন দলের ৫৫ রানের মাথাতে, ২০ বলে ১৮ রান করে। ব্রেভিস সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন। পাঁচে নামা ডেভিড মিলার বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন। দলের ৭৭ রানের মাথাতে বিদায় নেন ৬ বলে ৬ রান করা মিলার। পরের ওভারেই আউট হয়েছেন ব্রেভিস। ২৭ বলে ৩৪ রান করা ব্রেভিস আউট হন সেই ৭৭ রানের মাথাতেই।

দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকাকে চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে আলোর দিশা দেখিয়েছেন মার্কো ইয়ানসেন। সাথে ছিলেন ত্রিস্টান স্টাবস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বের করেছেন ইয়ানসেন। নিউজিল্যান্ডের বোলারদের করেছেন কচুকাটা।

অন্যদিকে স্টাবস এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। দলের ১৫০ রানের মাথাতে ২৪ বলে ২৯ রান করে বিদায় নিয়েছেন স্টাবস। শেষ দিকেও চলেছে ইয়ানসেনের ধুমধাড়াক্কা ব্যাটিং। একদম শেষ পর্যন্ত টিকে থেকে ৩০ বলে ৫৫ রান করেছেন মার্কো ইয়ানসেন। তার দারুণ ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ম্যাট হেনরি, কোল ম্যাককঞ্চি এবং রাচিন রবীন্দ্র। ১টি করে উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন এবং জিমি নিশাম।

জবাব দিতে নেমে দুই ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেইফার্টের ব্যাটে চড়ে স্বপ্নের মত সূচনা পায় নিউজিল্যান্ড। শুরু থেকেই প্রোটিয়া বোলারদের উপর চড়াও হয়েছেন দুই কিউই ওপেনার। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন দুজন। রান বের করেছেন অনায়াসে।

পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৮৪ রান তোলে নিউজিল্যান্ড। সেখানেই যেন ম্যাচ জেতার কাজ অর্ধেক সেরে ফেলে কিউইরা। পাওয়ারপ্লে শেষেও চলেছে সেইফার্ট-অ্যালেনের ধুন্ধুমার ব্যাটিং। ফিফটি ছুঁয়েছেন দুজনই। ফিফটির পর সেইফার্ট বিদায় নিলেও অ্যালেন ছুটেছেন রকেটের গতিতে। দলের ১১৭ রানের মাথাতে ৩৩ বলে ৫৮ রান করে বিদায় নেন সেইফার্ট।

অ্যালেনের উইলোবাজি চলেছেই। একদম শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে এবং সেঞ্চুরি ছুঁয়ে মাঠ ছেড়েছেন তিনি। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি তুলে নেন ফিন অ্যালেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তিনে নামা রাচিন রবীন্দ্র ১১ বলে করেছেন ১৩ রান। ৪৩ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। চলে গেছে ফাইনালে।দক্ষিণ আফ্রিকার হয়ে ১ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৬৯/৮ (ইয়ানসেন ৫৫*, ব্রেভিস ৩৪, স্টাবস ২৯; হেনরি ২/৩৪, রবীন্দ্র ২/২৯, কোল ম্যাকনকি ২/৯)

নিউজিল্যান্ড : ১২.৫ ওভারে ১৭৩/১ (অ্যালেন ১০০*, সাইফার্ট ৫৮; রাবাদা ১/২৮)


ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী


ম্যাচসেরা : ফিন অ্যালেন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন