বিশ্বকাপ দলে ফেরার স্বপ্নে হোঁচট খেলেন নেইমার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
আগামী জুন-জুলাইয়ে মাঠে গড়াবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরের জন্য সব দলই এখন প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। লাতিন আমেরিকার সবচেয়ে সফল দল ব্রাজিলও ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। তবে সেলেসাওদের বিশ্বকাপ দলে ফেরার অভিযানে বড়সড় একটা হোঁচট খেলেন নেইমার জুনিয়র।
একের পর এক চোটের কারণে ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিও স্পষ্ট করে বলে দিয়েছেন, বিশ্বকাপে দলে ফিরতে হলে নেইমারকে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। ২০২৫ সালের ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের পর আসন্ন আসরে দলে জায়গা পেতে লড়াইয়ে নেমেছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
সে হিসেবে বলা চলে নেইমারের জন্য এখন সামনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ম্যাচ একেকটা ফাইনাল ম্যাচ। তবে জাতীয় দলে ফেরার অভিযানে বড়সড় একটা হোঁচট খেলেন সেলেসাও তারকা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ম্যাচে সিরি বি'র দল গ্রেমিও নোভোরিজোন্তিনোর কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে তার ক্লাব সান্তোস।
প্রতিপক্ষের মাঠে এদিন দলের প্রথম গোলটি হজমের জন্য সরাসরি দায়ী ছিলেন নেইমার। বিরতির ঠিক আগে এই ফরোয়ার্ড রক্ষণভাগে বল হারালে রোমুলো গোল করে গ্রেমিও নোভোরিজোন্তিনোকে এগিয়ে দেন। পিছিয়ে পড়া সান্তোসকে দ্বিতীয়ার্ধের ২০তম মিনিটে সমতায় ফেরান গ্যাব্রিয়েল বন্তেম্পো। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিও নালদি স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
যদিও বল দখলে এগিয়ে ছিল সান্তোসই। তাই হতাশাজনক হারের পর নেইমার সমালোচনার মুখে পড়েছেন। নিজের ভুলের দায় সঙ্গে সঙ্গেই স্বীকার করেন নেইমার। টিভি সম্প্রচারে দেখা যায়, তিনি সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে তাদের লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন। সফরকারী দলের হয়ে আদোনিস ফ্রিয়াস ও আলভারো বাররেয়াল শুরু থেকে খেলেন, আর বেঞ্চে ছিলেন বেঞ্জামিন রোলহাইজার।
আগামী মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলে ফেরার লক্ষ্য ঠিক করলেও সেই স্বপ্নে কিছুটা হলেও ধাক্কা খেলেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সোজাসুজিই জানিয়ে দিয়েছেন, নামের ভারে দলে জায়গা মিলবে না। চোটমুক্ত হয়ে পারফর্ম করেই দলে ফিরতে হবে নেইমারকে। পাউলিস্তার পারফরম্যান্স সেই সম্ভানা আরও ধূসর করে তুলল।



