লেভান্তেকে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা। মূলত আগের রাতে ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালো দলটি। লেভান্তেকে সহজেই ৩-০ গোলে পরাজিত করে আবারও লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।
মৌসুমের শুরুতে লেভান্তের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জিততে হয়েছিল হ্যান্সি ফ্লিকের দলকে। এবার তারা জিতল ৩-০ গোলে। ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারের সুযোগ কাজে লাগিয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠলো কাতালান জায়ান্ট এই দলটি।
অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার কাছে টানা পরাজয় বার্সার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিল। ৪ মিনিটের মাথায় মার্ক বার্নালের গোলে তা ফিরে পায় তারা। ডান দিক থেকে নেওয়া একটি ছোট কর্নার থেকে এরিক গার্সিয়া ও হোয়াও ক্যানসেলোর পাসের পর মার্ক বার্নাল প্রথম স্পর্শেই বল জালে পাঠান।
ন্যু ক্যাম্পে গোলমুখ খোলার পর প্রথমার্ধেই ব্যবধান ২-০ করে বর্তমান চ্যাম্পিয়নরা। লামিনে ইয়ামাল, বার্নাল ও ক্যানসেলোর দারুণ সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে ক্যানসেলোর ভাসানো ক্রসে ছয় গজ বক্সে ফ্রেঙ্কি ডি ইয়ং সহজেই বল জালে জড়ান। ৩২ মিনিটে ডি ইয়াংয়ের গোলটি ছিল ২০২৫ সালের জানুয়ারির পর প্রথম।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বার্সেলোনা। বেঞ্চ থেকে উঠে এসে লোপেজ ম্যাচ মুঠোয় এনে দেন। ৮১ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া তার শট ছিল অপ্রতিরোধ্য। এর মাধ্যমে ২৫ ম্যাচে ২০তম জয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল (৬০)।
এদিকে ইংল্যান্ড তারকা মার্কাস রাশফোর্ড হাঁটুর সমস্যার পর ম্যাচডে স্কোয়াডে ফিরলেও নিরাপদ লিড থাকায় তাকে মাঠে নামানো হয়নি। এ জয়ের ফলে শিরোপা লড়াইয়ে আবারও চাপ বাড়ল রিয়াল মাদ্রিদের ওপর, আর আত্মবিশ্বাস ফিরে পেল বার্সেলোনা শিবির।
সূত্র : বিবিসি



