টানা নয় ম্যাচ জিতে লা লিগায় দুর্বার ছুটছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদ-কে হারিয়ে শীর্ষে ওঠা দলটি এক নম্বর আসন আরও মজবুত করেছিল জিরোনা-র কাছে বার্সেলোনার হারের সুবাদে। কিন্তু এক ম্যাচ পরই সেই স্বস্তি গলে গেল পাম্পলোনার ঠান্ডা রাতে।
এস্তাদিও এল সাদারে নাটকীয় লড়াইয়ে ওসাসুনা ২-১ গোলে হারাল লা লিগার শীর্ষ দলকে। স্টপেজ টাইমে রাউল গার্সিয়ার দারুণ শটে থামল রিয়ালের জয়যাত্রা।
প্রথমার্ধের শেষ দিকে আন্তে বুদিমির পেনাল্টি স্পট থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু শেষ মুহূর্তে রিয়ালের বক্সের বাঁ দিক থেকে গার্সিয়ার জোরালো শটে পরাস্ত হন থিবো কোর্তোয়া। গোলটি ঘিরে অফসাইডের শঙ্কা তৈরি হলেও ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত বদলালে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা।
এই ম্যাচে জিতলে ব্যবধান পাঁচ পয়েন্টে নিতে পারত রিয়াল। কিন্তু ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকলেও ব্যবধান রইল দুই পয়েন্ট। আজ (রোববার) লেভান্তে-কে হারাতে পারলে ৫৮ পয়েন্ট নিয়ে আবারও এক নম্বরে ফিরতে পারে বার্সেলোনা।
ম্যাচের আগে আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস। গত মঙ্গলবার বেনফিকা-র বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার ঘটনার রেশ নিয়েই মাঠে নামেন তিনি। শুরুতে চাপে ছিল রিয়াল। বুদিমিরের বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরে রুবেন গার্সিয়ার ক্রস থেকে আলভারো কারেরাসের জোরালো শট দারুণভাবে ঠেকান কোর্তোয়া। বুদিমিরের হেডও রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক।
৩২তম মিনিটে ভিনিসিয়ুসের নিচু শট ঠেকান সার্জিও হেরেরা। কর্নার থেকে দাভিদ আলাবার প্রচেষ্টাও ব্লক হয়। ৩৯ মিনিটে বুদিমিরকে ফাউল করলে ভিএআর রিভিউয়ে পেনাল্টি পায় ওসাসুনা। স্পট কিক থেকে গোল করে রিয়ালের বিপক্ষে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন বুদিমির।
প্রথমার্ধের স্টপেজ টাইমে অরেলিয়েন শুয়োমেনির লাফানো শট কষ্টেসৃষ্টে রুখে দেন হেরেরা। দ্বিতীয়ার্ধে আর্দা গুলার ক্রসবারের ওপর দিয়ে শট নেন। ৭০ মিনিটের পর বল জালে জড়ালেও কিলিয়ান এমবাপের গোল অফসাইডে বাতিল হয়।
তিন মিনিট পর সমতা ফেরায় রিয়াল। ফেদেরিকো ভালভার্দের কাটব্যাক থেকে সময়মতো পৌঁছে গোল করেন ভিনিসিয়ুস। ম্যাচ তখন সমতায় স্থির, কিন্তু শেষ দৃশ্যটি লিখে রাখেন গার্সিয়া। অফসাইড পতাকা উঠলেও ভিএআর শেষ কথা বলে, আর তাতেই শীর্ষে থেকেও ধাক্কা খায় রিয়াল।



