হেসেখেলেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রের ব্যাটে চড়ে কানাডাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। আইসিসি টি-২০ বিশ্বকাপের ৩১তম ম্যাচে কিউইরা আজ জয় পেয়েছে ৮ উইকেটের ব্যবধানে। তাও আবার ৪.৫ ওভার হাতে রেখেই।
চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে কানাডা উদ্বোধনী জুটিতেই জড়ো করে ১১৬ রান। আর এতে মূল অবদান যুবরাজ সামরার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক দিলপ্রিত বাজওয়া। এক প্রান্ত আগলে রাখেন দিলপ্রিত অন্য প্রান্তে চড়াও হন যুবরাজ।
১৪তম ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের প্রথম উইকেটের দেখা পায়, ৩৯ বলে ৩৬ রান করে দিলপ্রিত বিদায় নিলে। তখনও সামরাকে ফেরানো যায়নি বলে কিউইদের তেমন উচ্ছ্বাসও দেখা যায়নি। ইনিংসের একদম শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বোলার-ফিল্ডারদের ভুগিয়ে গেছেন সামরা। দলীয় ইনিংসের ৪ বল বাকি থাকতে বিদায় নেওয়ার আগে ৬৫ বলে ১৬৯.২৩ স্ট্রাইক রেটে ১১০ রান করেন সামরা। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। নিউজিল্যান্ড কাঙ্ক্ষিত উইকেটটির দেখা পায় জ্যাকব ডাফির কল্যাণে।
তারপরও সাহসী ব্যাটিং অব্যাহত রাখে কানাডা। সামরার বিদায়ে ক্রিজে নেমেই ছক্কা হাঁকান ডিলন হেয়লিগার। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান দাঁড়ায় কানাডার সংগ্রহ।
কানাডার লড়াকু পারফরম্যান্স অবশ্য মলিন হয়ে যায় গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর সামনে। দলীয় ৩০ রানে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনকে হারানোর পর কিউইদের হয়ে হাল ধরেন রবীন্দ্র ও ফিলিপস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই নিউজিল্যান্ড পা ফেলে জয়ের বন্দরে।
ফিলিপস মাত্র ৩৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। রাচিন ৩৯ বলে করেন ৫৯ রান।



