Logo
Logo
×

খেলা

ভারত ম্যাচ বয়কটের ‘নাটক’ করেছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

ভারত ম্যাচ বয়কটের ‘নাটক’ করেছে পাকিস্তান

টি–টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে লাভজনক ও আলোচিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথাকথিত ‘দ্বিমুখী নীতি’র সমালোচনা করে এই ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। এই পুরো ঘটনাকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজকুমার শর্মা বলেন, পাকিস্তানের অবস্থান ছিল পুরোপুরি নাটকীয়। ভারতের বিপক্ষে না খেললে কী পরিমাণ আর্থিক ও ক্রীড়াগত ক্ষতি হতে পারে, সেটি বুঝতে পেরেই তারা সিদ্ধান্ত বদলেছে। তার মতে, এই ধরনের আচরণ পাকিস্তানের জন্য নতুন কিছু নয়।

রাজকুমারের ভাষায়, এটা ছিল পাকিস্তানের নাটক, যা তারা বারবার করে থাকে। একসময় বাংলাদেশকে সমর্থন দেখানো হলো, পরে আবার তাদের একপাশে সরিয়ে রাখা হলো। এখন তারা বুঝেছে ভারতের বিপক্ষে না খেললে কতটা ক্ষতি হতে পারে। এই ধরনের আচরণ পাকিস্তানের কাছ থেকে প্রত্যাশিতই।

এর আগে সোমবার পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাদের ক্রিকেট দলকে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে মাঠে নামার অনুমতি দেয়। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লাহোরে বৈঠকের ফলাফল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানান পিসিবি প্রধান মহসিন নাকভি। এরপরই সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ জানিয়ে তাদের একটি বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছিল আইসিসিকে। তবে সেই অনুরোধ নাকচ করে দিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল।

এই সংকটকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আইসিসি ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পর শেষ পর্যন্ত পাকিস্তান সরকার ভারত–পাকিস্তান ম্যাচে অংশগ্রহণের সিদ্ধান্তে পৌঁছায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন