ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। নেপালের পোখরা রঙ্গশালায় ফাইনালে ভারত ৪-০ গোলে জিতে শিরোপা তুলে নেয়।
ফাইনালের আগে বাংলাদেশ ছিল পরিষ্কার ফেবারিট। পিটার বাটলারের দল আগেই গ্রুপ পর্বে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালে আসে টানা তিন জয়ের রেকর্ড নিয়ে। তারা ১৮ গোল করেছিল। একটি গোলও হজম করেনি।
তবে ফাইনালে চিত্রটা পুরো বদলে যায়। সব বিভাগে ভারত পাত্তাই দেয়নি বাটলারের শিষ্যদের।
প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ৪২ মিনিটে প্রীতিকা বর্মণের পাসে বক্সের ভেতরে বল পেয়ে যান জুলান নংমাইথেম। বাম দিক থেকে আসা সেই ক্রস থেকে তিনি সহজে গোল করেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। ৬১ মিনিটে বড় ধাক্কা আসে। ভারতকে পেনাল্টি দিয়ে বসে বাংলাদেশ। স্পটকিক থেকে এলিজাবেদ লাকড়া গোল করেন। ব্যবধান দাঁড়ায় ২-০।
এর সাত মিনিট পর বাংলাদেশের ভুলে তৃতীয় গোল পায় ভারত। চাপের মুখে গোলকিপার ইয়ারজান বেগম বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। সুযোগ কাজে লাগান পার্ল ফার্নান্দেজ। সেই গোলেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায়।
বাংলাদেশ আক্রমণে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ভারতের গোছানো রক্ষণে তারা পথ খুঁজে পায়নি। ৮৩ মিনিটে আনভিতা রাঘুরামন আরেকটি গোল করেন। এতে ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে ভারত।



