ম্যাচ বয়কটের সিদ্ধান্ত সরকারের, আমাদের না!
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি অধিনায়কদের সংবাদ সম্মেলনে তিনি জানান, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে না খেলার এই সিদ্ধান্তটি সম্পূর্ণ রাজনৈতিক এবং এটি পাকিস্তান সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। খেলোয়াড় হিসেবে তাদের কাজ সরকারের নির্দেশনা মেনে চলা।
আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত রবিবার পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই ম্যাচটি বয়কটের ঘোষণা দেয়।
এ প্রসঙ্গে সালমান আগা বলেন, ভারত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি একটি সরকারি সিদ্ধান্ত এবং আমরা তা সম্মান করি। সরকার আমাদের যা করতে বলবে, আমরা সেটিই করব।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বয়কট মূলত একটি রাজনৈতিক প্রতিবাদ। নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার পর আইসিসি যখন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করে, তখন থেকেই উত্তাপ শুরু হয়। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বাদ পড়া পাকিস্তান সহজভাবে নেয়নি।
বাংলাদেশ দল প্রসঙ্গে পাকিস্তানি অধিনায়ক বলেন, বাংলাদেশ আমাদের ভাই। তারা এই বিশ্বকাপে খেলছে না দেখে সত্যিই খারাপ লাগছে। আমি আশা করি তারা এই টুর্নামেন্টে আমাদের সমর্থন করবে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের লজ্জাজনক হারের স্মৃতি এখনো ভক্তদের মনে টাটকা। এবারও একই গ্রুপে রয়েছে দুই দল। তবে অতীত নিয়ে পড়ে থাকতে নারাজ আগা।
তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের কাছে হার এখন ইতিহাস। এটি একটি নতুন বিশ্বকাপ, নতুন দল এবং নতুন কম্বিনেশন। অধিনায়ক হিসেবে আমি সামনে থেকে নেতৃত্ব দিতে চাই এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে সবাই তাদের সেরাটা দিতে পারে।



