বাংলাদেশ ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ
কোন চ্যানেলে খেলা দেখবেন বাংলাদেশের দর্শকেরা, জানাল আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম
সরকারি সিদ্ধান্তে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে মাঠে বাংলাদেশ না থাকলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ ঘরে বসেই উপভোগ করতে পারবেন দেশের ক্রিকেটপ্রেমীরা। কোন কোন চ্যানেলে ও প্ল্যাটফর্মে ম্যাচগুলো দেখা যাবে, সে তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচার করবে টিএসএম এবং র্যাবিটহোলবিডি অ্যাপ। বাংলাদেশি মালিকানাধীন টিএসএম দীর্ঘদিন ধরে দেশের বাইরে আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টগুলো বাংলাদেশে সম্প্রচার করে আসছে। অন্যদিকে র্যাবিটহোল বিডি অ্যাপ মূলত গাজী টিভির ইউটিউবভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এ ছাড়া দেশের দর্শকদের জন্য টি-স্পোর্টস ও নাগরিক টিভিতেও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
আয়োজক দেশ ভারত তাদের দর্শকদের জন্য স্টার স্পোর্টস টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে ম্যাচ সম্প্রচার করবে। সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরাসরি সম্প্রচারের দায়িত্বে রয়েছে ডায়লগ টিভি, পাশাপাশি সেখানে ডিজিটাল মাধ্যমেও খেলা দেখার সুযোগ থাকবে।
মূল টুর্নামেন্টের আগে ২ ফেব্রুয়ারি শুরু হয় বিশ্বকাপের প্রস্তুতিপর্ব, যা শেষ হবে আগামীকাল। এই প্রস্তুতিপর্বের ম্যাচগুলোও বাংলাদেশে টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপে সম্প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আইসিসি।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। অন্যথায় ফাইনাল হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সংশোধিত সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছে আইসিসি।



