২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত, আর তালিকার একেবারে তলানিতে আছে ইতালি।
আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ও ২৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে অবস্থান করছে। নিউজিল্যান্ড (২৫১) ও দক্ষিণ আফ্রিকা (২4১) রয়েছে চার ও পাঁচ নম্বরে।
এদিকে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ সিরিজ জয়ের সুবাদে এক ধাপ এগিয়েছে পাকিস্তান। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে, ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে সপ্তম স্থানে। শ্রীলঙ্কা আছে অষ্টম স্থানে, তাদের রেটিং পয়েন্ট ২২৭।
এদিকে নিরাপত্তার ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়নি। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি আছে নবম স্থানে। লিটন দাসদের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড আছে ১৪তম স্থানে। র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা ইতালিও প্রথমবার বিশ্বকাপে অংশ নেবে।



