বাংলাদেশকে সমর্থন করায় পাকিস্তানের কড়া সমালোচনায় ভারতীয়রা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্রভাবে প্রতিবাদ করেছে পাকিস্তান। বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের এমন সিদ্ধান্তে হতাশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থন করে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তান নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ কীর্তি আজাদ।
তিনি বলেন, ‘পাকিস্তান জানে যে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে পারবে না। তাই নিজেদের সম্মান বাঁচাতেই তারা ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।’
আজাদ আরো দাবি করেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত ক্রীড়ার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “২০২৫ সালে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াত, তাহলে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা যেত এবং পাকিস্তানকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যেত।”
পাকিস্তানের সিদ্ধান্তের সমালোচনায় সরব হন আরেক ভারতীয় সংসদ সদস্য শশাংক মণি। তিনি বলেন, ‘যখন খেলোয়াড়রা বুঝতে পারে তারা জিততে পারবে না, তখন তারা মাঠ ছেড়ে চলে যায়। পাকিস্তানও ঠিক সেটাই করেছে।’
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল বলেন, ‘পাকিস্তান সরকার ও পিসিবি মিলেই নিজেদের ক্রিকেটের ক্ষতি করছে। এতে কোনো সমস্যার সমাধান হবে না।
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। এর ফল কী হবে তা বলা কঠিন, তবে আইসিসি যে এই সিদ্ধান্তে ভীষণ অসন্তুষ্ট, তা স্পষ্ট।’



